২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরগুলোতে গ্রাহক বাড়াতে পারছে না বিটিসিএল

ধারণ ক্ষমতা না থাকায় ঢাকাসহ বড় শহরগুলোয় নতুন ল্যান্ডফোন সংযোগ দিতে পারছে না বিটিসিএল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 07:32 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

রুহুল আমিন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ বড় শহরগুলোর বেশিরভাগ গুরুত্বপূর্ণ এলাকায় নতুন ল্যান্ডফোন সংযোগ দিতে পারছে না বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ধারণ ক্ষমতা না থাকাই এর কারণ বলে জানিয়েছেন বিটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এসএম খাবিরুজ্জামান। তবে ল্যান্ডফোনের গ্রাহক সংখ্যা বাড়াতে স্বল্প এবং দীর্ঘ মেয়াদি বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। রাজধানীতে আরও ১ লাখ ৭১ হাজার সংযোগ ক্ষমতা বাড়ানোর কাজও এর মধ্যে রয়েছে। খাবিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাধারণ জনগণের কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছে দিতে ২০১৫ সালের মধ্যে এক কোটি ল্যান্ডফোন সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বিটিসিএল'র।" অপটিকাল ফাইবারের মাধ্যমে সংযোগ দেওয়া এসব ল্যান্ডফোনে একটি মাত্র ক্যাবল ব্যবহার করে ভয়েস ছাড়াও ডাটা আদান-প্রদান, টেলিভিশন দেখাসহ অন্যান্য 'ভ্যালু অ্যাডেড' সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। মোবাইল ফোনের প্রসারের কারণে মানুষ ল্যান্ডফোন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মানতে নারাজ বিটিসিএল এমডি। তিনি বলেন, "ঢাকা-চট্টগ্রামসহ অনেক এলাকায় সংযোগ দিতে না পেরে গ্রাহক হারালেও পুনর্গঠিত রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি দেশের অন্যান্য অঞ্চলের গ্রাহক আকর্ষণে সক্ষম হয়েছে।" তিনি জানান, চলতি বছর বিটিসিএল এর নতুন সংযোগ নেওয়ার হার বেড়েছে। স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্নের সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য মাত্রায়।" গ্রাহক ধরে রাখতে বকেয়া বিলের কারণে স্থায়ী সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে বর্তমানের কঠোর বিধি অনেকটা সহজ করার চিন্তাভাবনা করছে বিটিসিএল। বিল পরিশোধে তিন মাস সময় দেওয়া ছাড়াও ইনকামিং চালু রাখার ক্ষেত্রেও ছাড় দেওয়ার কথা ভাবা হচ্ছে। এসব বাস্তবায়ন হলে সারাদেশে এখনও প্রায় চার লাখ খালি সংযোগের জন্য গ্রাহক পেতে অসুবিধা হবে না বলে মনে করছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বর্তমানে সারাদেশে বিটিসিএল'র ১৩ লাখ ১১ হাজার ধারণক্ষমতার বিপরীতে গ্রাহক রয়েছে ৯ লাখ ৪১ হাজার। গত জুলাই মাস থেকে ঢাকা এবং চট্টগ্রাম মাল্টি এক্সচেঞ্জ এলাকার বাইরে সারাদেশে বিনা খরচে টেলিফোন সংযোগ দেওয়া শুরু হয়। বিটিসিএল'র তথ্য অনুযায়ী, জুন মাসে নতুন সংযোগ দেওয়া হয়েছিল ৮ হাজার ৭০০টি। তবে এরপরের মাসগুলোতে ২০ হাজারের বেশি করে সংযোগ দেওয়া হয়। জুলাইয়ে ২৯ হাজার ৭০০, আগস্টে ২৮ হাজার ৪০০, সেপ্টেম্বরে প্রায় ২৬ হাজার এবং অক্টোবরে ২০ হাজার নতুন গ্রাহক পেয়েছে বিটিসিএল। খাবিরুজ্জামান জানান, সেবা খাত হিসেবে দেশের টেলিযোগাযোগে অবদান রাখতে বিটিসিএল'র বিভিন্ন উদ্যোগের প্রথম পর্যায়ে ১৯৭ কোটি টাকার নিজস্ব অর্থায়নে দুই বছরের মধ্যে রাজধানীতে ১ লাখ ৭১ হাজার ফোন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে সারাদেশে ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে ১০ লাখ নতুন ল্যান্ডফোন সংযোগ দেয়ার প্রকল্পের কাজও শুরু হয়েছে। বর্তমানে দেশে বিটিসিএল ছাড়াও আরও অন্তত ১০টি বেসরকারি ল্যান্ডফোন কোম্পানি রয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসেব অনুযায়ী, সেপ্টেম্বর মাসের শেষে সরকারি ও বেসরকারি সব কোম্পানি মিলে ল্যান্ডফোনের গ্রাহক সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৭৪৮। ২ লাখ ২৪ হাজার ৯৪৯ গ্রাহক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে র‌্যাংকসটেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফএফ/এমআই/১৩২৫ ঘ.