আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ইতিহাসে এই প্রথম কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি ঋণ সহায়তা যোগ হওয়ায় বুধবার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১০ দশমিক ০৩ বিলিয়ন ডলার।
গভর্নর আতিউর রহমান জানিয়েছেন, বৈদেশিক মুদ্রার এই বিশাল সঞ্চয়ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে।
তিনি সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি বেশ কিছু দিন ধরেই বলে আসছিলাম, রিজার্ভ ১০ বিলিয়ন ডলার অতিক্রম করবে; বুধবার তা হলো। এতে আমাদের অর্থনীতির ভিত আরো মজবুত হবে।"
প্রবাসীদের পাঠানো অর্থ অর্থাৎ রেমিটেন্সের ওপর ভর করেই বৈদেশিক মুদ্রার এ সঞ্চয়ন বলে গভর্নর জানান।
তিনি বলেন, বিকালে সংবাদ সম্মেলনে রিজার্ভের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ৯৩০ কোটি ৩৫ লাখ ডলার। এডিবি মন্দার প্রভাব মোকাবেলা ও সংস্কারের জন্য ৭৪ কোটি ৪০ লাখ ডলার ঋণ সহায়তা দিয়েছে। গত ২৬ অক্টোবর সরকার ও এডিবির সঙ্গে এ চুক্তি হয়।
বর্তমান সঞ্চয় দিয়ে সরকারের পক্ষে সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অর্থনীতিবিদরা মনে করেন, অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ সবসময় থাকতে হয়।
বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে রিজার্ভ প্রায় ১০০ কোটি টাকায় নেমে এসেছিল। ওই সময় আকু'র (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) বিল পুরোটা পরিশোধ না করে অর্ধেক পরিশোধ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১১০০ ঘ.
bdnews24