ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রপ্তানি বাড়ানোর লক্ষ্যে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের জন্য মঙ্গলবার একগুচ্ছ সহায়তার সুপারিশ করেছে সরকার গঠিত কমিটি।
এসব সুপারিশের মধ্যে রয়েছে নতুন বাজারে রপ্তানির ওপর নগদ আর্থিক সহায়তা, ব্যাংকের চার্জ কমানো, ঋণ পুনঃতফসিল করার সময় বাড়ানো, গ্যাস সংযোগ নবায়ন ফি এক বছরের জন্য মওকুফ করা, সরকারি রপ্তানি উন্নয়ন তহবিল ২০ লাখ ডলার থেকে ১ কোটি করা ইত্যাদি।
কমিটির সদস্য তৈরি পোশাক ও বস্ত্র খাতের তিন শীর্ষ নেতা মোটের ওপর ইতিবাচক প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, এর ফলে মন্দায় আক্রান্ত এ খাত সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সরকারের গঠিত রপ্তানি খাতের সার্বিক পরিস্থিতি উন্নয়নে সুপারিশ দেওয়ার জন্য গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সরকারী টাস্কফোর্সের সুপারিশে গত এপ্রিলে মন্দা আক্রান্ত রপ্তানি খাতের জন্য ৩৪২৪ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। গার্মেন্টস ও বস্ত্রখাতকে এর বাইরে রাখা হলে দুখাতের মালিকদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। এর প্রেক্ষাপটেই সরকার তৈরি পোশাক ও বস্ত্র খাতের জন্য সহায়তা দেওয়া হবে কিনা বা দিলেও কী দেওয়া হবে তা স্থির করতে উল্লিখিত কমিটিকে দায়িত্ব দেয়।
সভার পর কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান সাংবাদিকদের বলেন, "রপ্তানি বাড়ানোর জন্য বস্ত্র ও পোশাক শিল্প খাতকে সহায়তা দেওয়ার জন্য আমরা কিছু সুপারিশ প্রস্তুত করেছি।"
তিনি বলেন, এর মধ্যে রয়েছে নতুন বাজারে পণ্য রপ্তানি করলে তার ওপর নগদ আর্থিক সহায়তা প্রদান, রপ্তানি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো ডাউনপেমেন্ট ছাড়া ২০১০ সালের জুন পর্যন্ত ১০ শতাংশ সুদে ঋণ পুনঃতফসিলীকরণের সুযোগ দেওয়া, ব্যাংকের বিভিন্ন ধরনের চার্জ কমানো ইত্যাদি।
ব্যাংকের চার্জ কমানো প্রসঙ্গে সাইদুজ্জামান বলেন, "এটা কীভাবে করা যায় বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক কর্মকর্তারা সিদ্ধান্ত নেবে।"
বৈঠকের পর ৯ সদস্যের কমিটির সদস্য এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, "আমাদের দাবি অনুযায়ী সুপারিশ না করা হলেও যেটুকু করা হয়েছে তাতে আমরা খুশি। তবে গ্যাস ও বিদ্যুতের যে বিরাট সমস্যা রয়েছে আগামী ৬ মাসের মধ্যে তা সমাধান করা না হলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়বে।"
রপ্তানি উন্নয়ন তহবিল ২০ লাখ ডলার থেকে ১ কোটি ডলারে উন্নীত করার সুপারিশকে 'বিরাট পদক্ষেপ' আখ্যা দেন মুর্শেদী। এছাড়া ব্যাংকগুলোর নেওয়া 'অনেক বেশি' চার্জ কমলে তারা অনেক উপকৃত হবেন বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হকও সন্তোষ প্রকাশ করে বলেন, "আমরা কঠিন সময় পার করছি। এসময় সরকার সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় আমরা উপকৃত হবো। তবে সহায়তার হাত আরো প্রসারিত করতে হবে।"
ফজলুল হক জানান, নতুন বাজারে পণ্য রপ্তানির ওপর ৫ বছরের জন্য নগদ সহায়তার সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, নতুন বাজার বলতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা ছাড়া সব বাজারকেই বোঝানো হয়েছে। প্রথম বছরে রপ্তানির ওপর ৫ শতাংশ, দ্বিতীয় বছরে ৪ শতাংশ হারে নগদ আর্থিক সহায়তার সুপারিশ করা হয়েছে।
গ্যাস সংযোগ নবায়নের ক্ষেত্রে এতদিন ৫ লাখ টাকা করে যে ফি লাগতো, পরবর্তী বছরের জন্য তা সরকারকে দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানান ফজলুল হক।
কমিটির আরেক সদস্য এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হাই সরকার বলেন, এ খাতের জরুরি সঙ্কট মোকাবিলায় সংশ্লিষ্ট খাত ও সরকার মিলিয়ে একটা 'কন্ট্রিবিউটিং তহবিল' গঠনের সুপারিশ করা হয়েছে যা অনেক কাজে লাগবে।
গত রোববার এক সংবাদ সম্মেলনে আব্দুস সালাম মুর্শেদী পরিসংখ্যান তুলে ধরে বলেন, মন্দার কারণে গত বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তৈরি পোশাক রপ্তানি কমেছে ৯ দশমিক ৭১ শতাংশ। আর গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে কমেছে ২৬ দশমিক ৯৩ শতাংশ।
সরকার চলতি অর্থবছরে ১ হাজার ৭৬০ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা গত অর্থবছরের চেয়ে ১৩ শতাংশ বেশি। এর ৭৯ দশমিক ৪৬ শতাংশই তৈরি পোশাক খাত থেকে আসবে বলে ধরা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৯০৮ঘ.
bdnews24