ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনাবাসী বাংলাদেশিদের জন্য (এনআরবি) পুঁজিবাজারে আসা যে কোনো কোম্পানির প্রাথমিক শেয়ারের (আইপিও) বরাদ্দ আরও ১০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশি বিনিয়োগকারীরা।
সোমবার সফররত ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসি)-এর একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে এ দাবি জানান।
অর্থমন্ত্রী তাদের এ দাবি শুনে বলেন, চাহিদা বেশি থাকলে এনআরবিদের জন্য প্রাথমিক শেয়ারের জন্য নির্ধারিত বরাদ্দ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিবিসিসি সভাপতি শাহাগীর বখত ফারুক বলেন, দেশের পুঁজিবাজারে এনআরবিদের অংশ গ্রহণ আগের তুলনায় অনেক বেড়েছে। সবার মধ্যে ব্যাপক আগ্রহও সৃষ্টি হয়েছে।
আইপিও'র মাধ্যমে ছাড়া শেয়ারের ১০ শতাংশ এনআরবিদের জন্য এবং ১০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ডের জন্য বরাদ্দ থাকে। বাকি ৮০ শতাংশ স্থানীয় বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়।
বৈঠকে অর্থমন্ত্রী যুক্তরাজ্যে অবস্থানকারী বাংলাদেশী বিনিয়োগকারীদের দেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) উদ্যোগের আওতায় গ্যাস ও বিদ্যুৎ, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগের আহ্বান জানান।
এ সব খাতে বিনিয়োগ করলে ভালো লাভ পাওয়া যাবে বলেও জানান তিনি।
শাহাগীর বখত বলেন, প্রতিনিধি দলের বেশিরভাগ সদস্যই বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক। এ কারলে সকলেরই দেশের প্রতি একটা টান রয়েছে। আমরা চেষ্টা করে দেখছি, কিভাবে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বানিজ্য আরো বাড়ানো যায়।
বাংলাদেশে ব্রিটিশ ব্যবসায়ীদের বিনিয়োগের পরিবেশ ও ব্রিটেনের বাজারের উপযোগী পণ্যের অনুসন্ধানে ১৫ সদস্যের এ প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে। তারা ৭ অক্টোবর ঢাকা আসে। চারদিনের সফরে তারা সরকারের বিভিন্ন মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/২৩০৭ ঘ.
bdnews24