ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি পরিবারে একজনকে চাকরি দিতে সরকারের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি ডিসেম্বর থেকে বাস্তবায়ন হচ্ছে।
প্রথম পর্যায়ে কুড়িগ্রাম ও বরগুনায় কর্মসূচি শুরু হবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার বলেছেন, এরপর অন্য জেলাগুলোতেও তা শুরু হবে।
তিনি হোটেল শেরাটনে এক সেমিনারের পর সাংবাদিকদের বলেন, "যারা উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করেছে, তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে তালিকা তৈরি করা হবে।
"এর পর তিন মাসের প্রশিক্ষণ দিয়ে দুই বছরের জন্য তাদের সরকারের বিভিন্ন বিভাগ বা সংস্থায় কৃষি বা শিক্ষা কর্মকর্তাদের সহকারী হিসেবে এ নিয়োগ দেওয়া হবে।"
অর্থমন্ত্রী জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় দুই বছর চাকরির পর কেউ যদি চাকরি করতে চায় তাহলে তাদের সে পদে বহাল রাখা হবে। কেউ চলে যেতে চাইলেও যেতে পারবে।
মুহিত বলেন, নির্বাচনী এ অঙ্গীকার বাস্তবায়ন করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।
শেরাটনে দুই দিনব্যাপী 'দক্ষিণ এশিয়ায় শান্তি এবং নিরাপত্তা : ক্ষুদ্র ও হালকা অস্ত্র নিয়ন্ত্রণের ইস্যু ও অগ্রাধিকার' শীর্ষক আঞ্চলিক সেমিনার উদ্বোধন করেন অর্থমন্ত্রী।
এটি আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৩২৫ ঘ.
bdnews24