২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থবছরের প্রথম চার মাসের রেমিটেন্স ২১ শতাংশ বেশি

চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ২৩ শতাংশ বেশি রেমিটেন্স এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ২৩ শতাংশ বেশি রেমিটেন্স এসেছে। জুলাই-অক্টোবর সময়ে দেশে আসা রেমিটেন্সের অঙ্ক ৩৬১ কোটি ৯৩ লাখ ডলার। প্রবাসীদের পাঠানো এ অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, "বিশ্বমন্দার মধ্যে রেমিটেন্সের এ প্রবাহ দেশের অর্থনীতির জন্য ইতিবাচক দিক। এখন যে করেই হোক এগুলোকে উৎপাদনশীল খাতে বিনিয়োগে নিয়ে আসতে হবে। সেটা না হলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে।" গত অর্থবছরের (২০০৮-০৯) প্রথম চার মাসে দেশে রেমিটেন্সের পরিমাণ ছিল ২৯৮ কোটি ৫৩ লাখ ডলার। আতিউর জানান, বিশ্ব অর্থনীতির চলমান মন্দা প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। প্রতি মাসেই রেমিটেন্সের পরিমাণ বাড়ছে। সর্বশেষ অক্টোবর মাসে রেমিটেন্স এসেছে ৯১ কোটি ১২ লাখ ডলার। সেপ্টেম্বর মাসে তা ছিল ৮৮ কোটি ৭৬ লাখ ডলার। ভবিষ্যতেও রেমিটেন্স প্রবাহে মন্দার প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেন গভর্নর। গত আগস্টে দেশে রেকর্ড ৯৩ কোটি ৭৯ লাখ ডলারের রেমিটেন্স আসে। বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স আসে ৮৮ কোটি ৬৪ লাখ ডলার। এর আগে গত অর্থবছরের শেষ মাস জুনে এর পরিমাণ ছিল ৯১ কোটি ৯১ লাখ ডলার। এদিকে রেমিটেন্স প্রবাহের এই ইতিবাচক ধারার কারণে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেশ সন্তোষজনক অবস্থায় রয়েছে। মঙ্গলবার রিজার্ভের পরিমাণ ছিল ৯৫৬ দশমিক ২৪ কোটি ডলার। যা দিয়ে ছয় মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মান অনুযায়ী, যেকোনো দেশের তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থাকতে হয়। রেমিটেন্স সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত ২০০৮-০৯ অর্থবছরে ৯৬৮ কোটি ৯৩ লাখ (৯ দশমিক ৬৯ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে আসে। ২০০৭-০৮ অর্থবছরে তা ছিল ৭৯১ কোটি ৪৭ লাখ (৭ দশমিক ৯১ বিলিয়ন) ডলার। বিশ্ব অর্থনীতিতে মন্দার প্রভাব শুরু হওয়ার পর থেকেই দাতাসংস্থা বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি বলে আসছিলো, মন্দার কারণে দেশের অর্থনীতির অন্যতম প্রধান সূচক প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আশঙ্কাজনক হারে কমে যাবে। স্থানীয় অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরাও একই ধরনের আশঙ্কা করছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৬৫ লাখ বাংলাদেশী বিভিন্ন দেশে অবস্থান করছে। চলতি বছরের (২০০৯ সাল) প্রথম সাত মাসে (আগস্ট পর্যন্ত) সাড়ে তিন লাখ বাংলাদেশী কাজের জন্য বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এইচএ/২১০০ ঘ.