২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় দিন পর সচল বেনাপোল

ভারতের ট্রাক শ্রমিকদের বাধার মুখে দেড় দিন অচল থাকার পর মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে আবার সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 10:04 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

বেনাপোল (যশোর), নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ট্রাক শ্রমিকদের বাধার মুখে দেড় দিন অচল থাকার পর মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে আবার সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর। বাংলাদেশী শ্রমিকদের সঙ্গে মারামারির পর সোমবার থেকে ভারতীয় শ্রমিকরা বন্দরের কাজে বাধা দিয়ে আসছিল। সমস্যা সমাধানে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার দুপুরে পেট্রাপোল যায়। সেখানে ভারতের বন্দর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তারা। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতীয় শ্রমিকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এরপর শ্রমিকরা কাজে ফিরেছে।" বেলা ৩টা থেকে পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া আবার শুরু হয়েছে বলে তিনি জানান। রোববার সন্ধ্যায় বন্দরের ২২ নম্বর গুদামের সামনে দ্রুত ট্রাক চালানোর ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ট্রাক শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। সোমবার দুই বন্দরের কর্মকর্তাদের মধ্যে আলোচনায় মঙ্গলবার থেকে যথারীতি ট্রাক চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও শ্রমিকরা তা মানছিল না। ফলে বন্দরের উভয় পাশে পচনশীল পণ্যসহ শত শত পণ্য বোঝাই ট্রাক আটকে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৬০০ ঘ.