২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিফা নিয়ে সংসদে আলোচনা হবে: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে টিফা (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট) নিয়ে জাতীয় সংসদে আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 07:45 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সঙ্গে টিফা (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট) নিয়ে জাতীয় সংসদে আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনডেনটিং অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) ৩০ বছর পূর্তি উৎসবের আলোচনায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। তবে তিনি জানাননি সংসদের কোন অধিবেশনে এ নিয়ে আলোচনা হবে। টিফা সইয়ের বিষয়টি বাংলাদেশে একটি বহুল আলোচিত ইস্যু। এ চুক্তিতে সই করলে বাণিজ্য উদারীকরণবিষয়ক বহুপাক্ষিক আলোচনায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মতো ফোরামগুলোতে বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে পড়বে বলে অনেক বিশেষজ্ঞের আশঙ্কা। আলোচনার বিশেষ অতিথি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের (আইসিসি-বি) সভাপতি মাহবুবুর রহমান টিফাসহ বাণিজ্য সংশ্লিষ্ট যে কোন চুক্তি করার আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার আহ্বান জানান। এর জবাবে প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান বলেন, "শ্রমনীতি, বিনিয়োগ ও জলবায়ুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ফয়সালা হলেই সরকার টিফা স্বাক্ষরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।" দেশে জিনিসপত্রের দাম নির্ধারণের ক্ষেত্রে সমস্যা আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, "দাম নির্ধারণে বর্তমান প্রাক-জাহাজীকরণ নিরীক্ষণ (পিএসআই) ব্যবস্থা খুব কার্যকর নয়। এ পদ্ধতি বহাল থাকায় বিপুল পরিমাণ টাকা বিদেশে চলে যাচ্ছে।" এ পদ্ধতি থেকে বেরিয়ে আসতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তথ্যভাণ্ডার (ডাটাবেস) তৈরি করা প্রয়োজন জানিয়ে মন্ত্রী বলেন, "শুল্ক মূল্যায়ন সঠিকভাবে না হলে সমস্যা হবে। নিজেদের আস্থা ও অভিজ্ঞতার অভাবে পিএসআই আজও টিকে আছে।" বিআইএএ নেতাদের বিভিন্ন দাবির বিষয়ে তিনি বলেন, আমদানি-রপ্তানি নীতি তৈরি হচ্ছে। এতে এসব বিষয় বিবেচনা করা হবে। বিআইএএ সভাপতি সাব্বির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বর্ষপূর্তি উৎসবের আহবায়ক সাহাব উদ্দিন খান ও অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি এমএস সিদ্দিক বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এসএইচ/০১১০ ঘ.