ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত হতে চায় বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত চাং শিয়ানয়ি।
এছাড়া বাংলাদেশের সঙ্গে বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি কমাতে চীন বাংলাদেশ থেকে চা আমদানি করতে আগ্রহী।
বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 'মিট দ্যা রিপোর্টার্স' অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় চীনা রাষ্ট্রদূত বলেন, তার দেশ মিয়ানমার হয়ে চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত হতে চায়।
রাষ্ট্রদূত চাং শিয়ানয়ি বলেন, প্রস্তাবিত বাংলাদেশ-মিয়ানমার-চীন মহাসড়ক তিনটি দেশের সরকারের বিবেচনাধীন রয়েছে এবং প্রকল্পটি তখনই বাস্তব রূপ পাবে যখন তিন দেশের সরকারই তা বাস্তবায়নে 'প্রস্তুত' হবে।
রাষ্ট্রদূত বলেন, তার সরকার মিয়ানমারের সঙ্গে সীমান্ত পর্যন্ত মহাসড়ক নির্মাণ করছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা এ ব্যাপারে বিশেষ মনোযোগ দিচ্ছি। দ্বিপাক্ষিক বাণিজ্যে ঘাটতি রয়েছে, যা চীনের অনুকূলে।
"আমরা বাংলাদেশ থেকে আরও বেশি আমদানি করতে চাই। এই বাণিজ্য ঘাটতি কমাতে আমরা বাংলাদেশ থেকে আরও কী কী পণ্য কিনতে পারি, তা খুঁজে বের করতে আমি দেশের (বাংলাদেশের) বিভিন্ন স্থান সফর করি।"
শিয়ানয়ি বলেন, "আমরা বাংলাদেশের রপ্তানিযোগ্য পাট ও পাটজাত পণ্যের ১০ শতাংশ কিনে থাকি।
"আমরা বাংলাদেশ থেকে হিমায়িত সামুদ্রিক খাবার, চা, চামড়াজাত পণ্য এবং টেক্সটাইল আমদানি করতে পারি।"
২০০৮ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিলো ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ৪ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি চীনের অনুকূলে।
রাষ্ট্রদূত বলেন, চীন তার সব প্রতিবেশীর সঙ্গে স্থল ও জলপথে সংযুক্ত হতে চায়।
শিয়ানয়ি বলেন, "আমরা ঘুমধুম (বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা) হয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সংযুক্ত হতে চাই।"
কক্সবাজারের টেকনাফ থেকে শুরু হয়ে 'বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক' নামে একটি আন্তঃসীমান্ত সড়ক নির্মাণের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ২০০৭ সালের ২৭ জুলাই একটি সমঝোতা স্বারক স্বাক্ষর হয়।
এই সড়ক নির্মাণের উদ্দেশ্য হলো মিয়ানমার হয়ে বাংলাদেশকে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং এর সঙ্গে সংযুক্ত করা ।
এছাড়া মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করতে একটি সড়ক নির্মাণের জন্য বেইজিংকে প্রস্তাব দিয়েছে ঢাকা। বেইজিং এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়।
এ ব্যাপারে চীনা দূত বলেন, বাংলাদেশ-মিয়ানমার-চীন সড়ক প্রকল্পের ব্যাপারে সব সরকারই ইতিবাচক। সংশ্লিষ্ট দেশের সরকারগুলো এ ব্যাপারে প্রস্তুত হলে প্রস্তাবিত এ সড়ক নির্মাণ হবে।
বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে উদ্ধৃত করে চীনা রাষ্ট্রদূত চাং শিয়ানয়ি বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কোন উত্তেজনা নেই।
তিনি বলেন, "বাংলাদেশের উভয় প্রতিবেশীই শান্তিপ্রিয়। প্রতিবেশীদের সঙ্গে বিরোধ থাকতে পারে। আমি মনে করি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনার মাধ্যমে এই বিরোধ নিস্পত্তিই একমাত্র উপায়।"
তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক 'বন্ধুত্বপূর্ণ ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২১৫১ ঘ.
bdnews24