ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ উপেক্ষা করে অভ্যন্তরীণ অর্থনীতির ভিত মজবুতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন খাতে ভর্তুকি দিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের পরই সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, "আইএমএফ প্রতিনিধিরা বিভিন্ন খাতে দেওয়া আমাদের ভর্তুকি নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলেছে, কোনো কোনো খাতে আমাদের ভর্তুকির পরিমাণ বেশি।
"কিন্তু আমরা তাদের (আইএমএফ প্রতিনিধিদল) স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমাদের অভ্যন্তরীণ অর্থনীতির ভিত মজবুত রাখতে যে সব খাতে ভর্তুকির প্রয়োজন হবে তা অবশ্যই অব্যাহত রাখা হবে।"
আইএমএফের প্রতিনিধি দলটি দুই সপ্তাহের সফর শেষে শনিবার ঢাকা ছাড়ছে।
মুহিত বলেন, "আমাদের অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে অনেক ক্ষেত্রেই তারা আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করেছি।
"আইএমএফ বলেছে, চলতি অর্থবছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) ৫ দশমিক ৫ শতাংশের বেশি হবে না। আমরা বলেছি, এবার আমাদের প্রবৃদ্ধি ৬ শতাংশের কম হবে না; বেশিও হতে পারে।"
অর্থমন্ত্রী বলেন, "তারা (আইএমএফ প্রতিনিধিদল) বলেছে, মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। আমরা বলেছি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবো।
"তারা বলেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি মন্থর। আমরা (সরকার) তাদের সঙ্গে একমত পোষণ করে বলেছি, এডিপি বাস্তবায়ন ত্বরান্বিত করতে ইতোমধ্যে আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছি।"
বিশ্ব অর্থনীতির চলমান মন্দার মধ্যেও রাজস্ব আদায় বৃদ্ধিতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে বলে মুহিত জানান।
বিনিয়োগে স্থবিরতা প্রসঙ্গে তিনি বলেন, "আইএমএফ বলেছে, আমাদের বিনিয়োগ পরিস্থিতি খুব একটা ভালো না। আমি তাদের আশ্বস্ত করে বলেছি, বিনিয়োগ বাড়াতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, কিছু দিনের মধ্যেই বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা কেটে যাবে।"
সাত সদস্যের আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইএমএফ এশিয়া প্যাসিফিক বিভাগের উপদেষ্টা মাসাতো মিয়াজাকি।
বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থ সচিব মোহাম্মদ তারেক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24