চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত দুই দিনের পুঁজিবাজার মেলা বুধবার শেষ হয়েছে।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে মেলার উদ্বোধনী অনুষ্ঠান হয়।
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এ মেলায় ব্যাংক ও ব্রোকারেজ হাউস মিলিয়ে ৩০টি প্রতিষ্ঠান অংশ নেয়।
নগরীর কমিউনিটি সেন্টার দি কিং অব চিটাগাং-এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামাল (লোটাস কামাল)।
আমাদের দেশে বর্তমান পুঁজিবাজার অনেক বেশি অবহেলিত উল্লেখ করে মোস্তফা কামাল বলেন, "পুঁজিবাজার সম্পর্কে জনগণের ধারণা যেমন স্বচ্ছ নয়, তেমনি সরকারের ধারণাও স্বচ্ছ নয়। এ কারণে আমাদের পুঁজিবাজার পিছিয়ে যাচ্ছে। সরকারের উচিত জনগণকে পুঁজিবাজার সম্পর্কে জানানো।"
শিক্ষিত জনগোষ্ঠীকে পুঁজিবাজারে আনতে সরকার ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাদের উৎসাহিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আমাদের পুঁজিবাজারে অনেক টাকা থাকলেও ভাল কোম্পানির শেয়ার নেই বলে তিনি উল্লেখ করেন।
মোস্তফা কামাল বলেন, "আগামী ৫ নভেম্বর আমরা একটি সভা ডেকেছি। ওই সভায় সরকারের যত শেয়ার (পাওয়ার গ্রিড) আছে, তা বাজারে নিয়ে আসার জন্য একটি সময়সূচি ঠিক করা হবে।"
সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) প্রেসিডেন্ট নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, "বর্তমানে সিএসইতে ১৯ লাখ বিনিয়োগকারী রয়েছেন।"
২০১৫ সালে তা বেড়ে ৫০ লাখে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বর্তমানে সিএসই'র পুঁজি ১২ শ' কোটি টাকা উল্লেখ করে, ২০১৫ সালে তা তিন হাজার কোটি টাকায় পৌঁছাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ব্রোকার হাউজগুলোর ওপর বেশি নির্ভরশীল না হয়ে তিনি ইন্টারনেটের মাধ্যমে এ ব্যবসা চালানোর আহ্বান জানান।
রাত সাড়ে ৮টায় শুরু হয়ে সাড়ে ৯টার দিকে সভা শেষ হয়।
এতে আরও বক্তব্য রাখেন সিএসই'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আতিকুজ্জামান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য ইয়াসিন আলী।
মেলা আয়োজনে সহযোগিতা (স্পন্সর) করেছে গ্রামীণফোন। মিডিয়া পার্টনার ছিল একুশে টেলিভিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/ডিডি/০০৩০ ঘ.
bdnews24