২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ ও অবকাঠামোর সমস্যা বিনিয়োগের প্রধান প্রতিবন্ধক: জার্মান ব্যবসায়ীদল

সফররত জার্মান ব্যবসায়ী প্রতিনিধি দল বুধবার বিনিয়োগের জন্য বাংলাদেশের সম্ভাবনার প্রশংসা করেছে। তবে বিদ্যুৎ সঙ্কট ও দুর্বল অবকাঠামোকে বিদেশি বিনিয়োগের প্রধান দুই প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত জার্মান ব্যবসায়ী প্রতিনিধি দল বুধবার বিনিয়োগের জন্য বাংলাদেশের সম্ভাবনার প্রশংসা করেছে। তবে বিদ্যুৎ সঙ্কট ও দুর্বল অবকাঠামোকে বিদেশি বিনিয়োগের প্রধান দুই প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করেছে তারা। নগরীর হোটেল লেক শোরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে জার্মানির আরো বিনিয়োগের যথাযথ পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়ে ২৫ সদস্যের প্রতিনিধি দলের প্রধান পিটার ক্লানসেন বলেন, "বাংলাদেশে উদ্যোক্তাদের আগ্রহ ও অগ্রগতিতে আমি অভিভূত। প্রয়োজনীয় অবকাঠামো ছাড়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ সফল হতে পারে না।" গত পাঁচ থেকে ছয় বছর কোনো নতুন বিদ্যুৎ উৎপাদিত না হওয়ায় বাংলাদেশের কাক্সিক্ষত অগ্রগতি অর্জিত হয়নি বলে তিনি মন্তব্য করেন। "জ্বালানি ও প্রয়োজনীয় অবকাঠামো ছাড়া বাংলাদেশ অগ্রগতি করতে পারবে না", বলেন জার্মান এশিয়া প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্লানসেন। সংবাদ সম্মেলনে ঢাকায় জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশেল উপস্থিত ছিলেন। এতে তিনি আইনের শাসনের মাধ্যমে স্থিতিশীল গণতন্ত্রের পথে এগিয়ে চলছে বলে বাংলাদেশের প্রশংসা করেন। প্রতিনিধি দলটি বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে একটি বৈঠক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "তারা (প্রতিনিধি দল) বাংলাদেশের সম্ভাবনাময় নতুন রপ্তানি খাত জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। "তারা বলেছেন, বাংলাদেশ এতদিন জাহাজ আমদানি করেছে, এখন রপ্তানি করছে। এ নতুন খাত বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিদেশি বিনিয়োগ বাড়ার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখবে।" জার্মান ব্যবসায়ীরা গ্যাস ও বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বলে অর্থমন্ত্রী জানান। প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বাংলাদেশ থেকে ওষুধ ও সিরামিক পণ্য নেওয়ার জন্য জার্মানির ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসকে/২১৫১ঘ.