ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময় আর বাড়ানো হচ্ছে না। ফলে ১ নভেম্বরের মধ্যে তা জমা দিতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, "বড় ধরনের কোনও প্রাকৃতিক দুর্যোগ না হলে কোনও অবস্থাতেই রিটার্ন জমার সময় আর বাড়ানো হবে না।"
শেষ সময়ে আয়কর রিটার্ন জমা দেওয়ায় বেশ সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।
গত বছর মোট ৭ লাখ ৩৯ হাজার রিটার্ন জমা পড়েছিল জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এবার তা ছাড়িয়ে যাবে।
করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে গত ২৯ সেপ্টেম্বর এনবিআর রিটার্ন জমার সময় একমাস বাড়ায়। তবে ৩১ অক্টোবর শনিবার ছুটির দিন বলে ১ নভেম্বরও রিটার্ন জমা নেওয়া হবে বলে জানানো হয়।
এনবিআর সম্মেলন কক্ষের ওই সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, ১ নভেম্বরের পাশাপাশি ৩১ অক্টোবরও রিটার্ন জমা নেওয়া হবে। সেদিন এনবিআরের সর্ব কার্যালয় খোলা থাকবে। ব্যাংকগুলো খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও কেন্দ্রীয় ব্যাংকে অনুরোধ করা হয়েছে।
আয়কর আদেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাস জুড়ে ব্যক্তি শ্রেণীর করদাতারা রিটার্ন জমা দিতে পারেন। তবে প্রতিবছরই তা বাড়ানো হয়ে আসছে। গত বছর দুই দফায় সময় বাড়ানো হয়।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) মোট সংখ্যা ২২ লাখের বেশি। এর মধ্যে ৭ লাখ কর দিয়ে থাকেন।
গত অর্থবছরে আয়কর খাতে ১৩ হাজার ৮১২ কোটি ১৬ লাখ টাকা আদায় হয়। বর্তমান সরকার তার মেয়াদে এ অঙ্ক ২০ হাজার কোটি টাকায় উন্নীত করতে চায়।
সে লক্ষ্যেই সরকার কর্মপরিকল্পনা নির্ধারণ করছে বলে গত ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৭১০ ঘ.
bdnews24