আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্গাচাষীদের জন্য বাংলাদেশ ব্যাংকের 'পুনঃঅর্থায়ন স্কিম' তহবিলটিকে সার্কভূক্ত দেশের কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা 'মডেল' হিসেবে নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
মঙ্গলবারই এর আগে সার্কভূক্ত দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরদের সঙ্গে নিয়ে চাঁদপুর জেলার এক গ্রামে এ স্কিমের আওতায় বর্গাচাষীদের ঋণদান কর্মসূচি সরেজমিন পরিদর্শন করেন আতিউর রহমান ।
গভর্নর বলেন, "সার্কভূক্ত সব দেশের গভর্নর-ডেপুটি গভর্নররা বর্গাচাষীদের এ ঋণদান কর্মসূচি পরিদর্শন করে অভিভূত হয়েছেন। তারা জানিয়েছেন বিশ্বের কোনো দেশেই এভাবে বর্গাচাষীদের ঋণ দেওয়া হয় না। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের 'স্কিম' খুবই কার্যকর ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন তারা।"
"ভারত, মালদ্বীপ, আফগানিস্তানসহ সার্কের অন্যান্য দেশের গভর্নর-ডেপুটি গভর্নরা আমাদের এ কর্মসূচিকে মডেল হিসেবে নিতে আগ্রহ প্রকাশ করেছেন" বলেন আতিউর।
আফগান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুল কাদের ফিতরাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সত্যিই আমরা বর্গাচাষীদের এ ঋণ কর্মসূচি দেখে অভিভূত। যে কৃষকের জমি নেই সে কোনো ধরনের জামানত ছাড়া অল্প সুদে ঋণ নিয়ে চাষাবাদ করবে- এটা সত্যিই অকল্পনীয় ব্যাপার। দেশে ফিরে আমাদের দেশেও এমন মডেল চালু করা যায় কিনা- সে বিষয়টি আমরা চিন্তাভাবনা করবো।"
তিনি বলেন, বাংলাদেশ ও আফগানিস্তানের প্রধান সমস্যা দারিদ্র্য। এই দারিদ্র্য দূর করতে দুই দেশই কাজ করছে। বাংলাদেশ ব্যাংক বর্গাচাষীদের জন্য যে বিশেষ ঋণের ব্যবস্থা করেছে তা দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদান রাখবে।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। খাদ্য উৎপাদন বাড়াতে এই 'স্কিম' সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান আফগান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
আতিউর দাবি করেন, এই প্রথম বাংলাদেশে বর্গাচাষীদের ঋণ দেওয়া হচ্ছে। এর আগে কখনই কোনো বর্গাচাষী ঋণ পায়নি। জীবনে প্রথম তারা কৃষি ঋণ পাচ্ছে। তাদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের 'পুনঃঅর্থায়ন স্কিম' থেকে বেসরকারি সংস্থা ব্র্যাক ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে ১০ শতাংশ সুদে সারা দেশের বর্গাচাষীদের ঋণ দেবে। কোনও জামানত ছাড়াই বর্গাচাষীদের মধ্যে এ ঋণ বিতরণ করা হবে।
গত ২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন জানান, চাঁদপুরের হোসেনপুরের বর্গাচাষীদের মধ্যে এই ঋণ বিতরনের জন্য ৩০ থেকে ৪০ জন করে কয়েকটি সংগঠন গড়ে তুলেছে ব্র্যাক। এ সব সংগঠনের সদস্য হিসেবে প্রত্যেক কৃষক সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন। নভেম্বরের মধ্যেই এখানকার কৃষকদের হাতে ঋণের অর্থ তুলে দেয়া হবে। এ অর্থ দিয়ে তারা ধান, আলু, রবিশস্যসহ অন্যান্য ফসল চাষ করবেন।
এ ধরনের সংগঠন গড়ে তোলার মাধ্যমেই সারা দেশের বর্গাচাষীদের ব্র্যাক ঋণ দেবে বলে তিনি জানান।
চুক্তির শর্ত অনুযায়ী, ঋণ গ্রহিতার জমির পরিমাণ আড়াই একরের বেশি হতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা এসএসসির কম এমন কৃষকরাই ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
তবে এনজিওগুলো যেভাবে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় করে, সেভাবে এ ঋণের কিস্তি আদায় হবে না।
এ প্রসঙ্গে আতিউর বলেন, ব্যাংকগুলো যে কৃষি ঋণ বিতরণ করে অবহেলিত বর্গাচাষীরা তা পায় না। অথচ দেশের মোট দেড় কোটি কৃষকের অর্ধেকই বর্গাচাষী। এই বিষয়টি বিবেচনায় রেখে কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের প্রকল্প হাতে নিয়েছে। প্রচলিত ক্ষুদ্র ঋণের মত ব্র্যাক এই ঋণের কিস্তি আদায় করবে না। মৌসুম (ফসল) ভিত্তিতে বর্গাচাষীদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় করা হবে।
প্রকৃত বর্গাচাষীরাই সত্যি সত্যি এই ঋণ পাচ্ছে কিনা তার ওপর কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিয়ত নজর রাখবে বলেও জানান গভর্নর।
তিনি বলেন, "এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে অন্যান্য এনজিওর সঙ্গেও এ ধরনের প্রকল্প হাতে নেবে কেন্দ্রীয় ব্যাংক।"
দেশের ১৬০টি উপজেলায় ৫ লাখ বর্গাচাষীর মাঝে এই ঋণ বিতরণ করা হবে। ৫০০ কোটি টাকা তহবিলের মধ্যে ৪৫০ কোটি টাকা ফসল ঋণ খাতে এবং ৫০ কোটি টাকা কৃষি সহায়ক যন্ত্রপাতি ক্রয় খাতে ঋণ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক আয়োজিত দু'দিনব্যাপী 'খাদ্য নিরাপত্তা: সার্ক কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভূমিকা' শীর্ষক সিম্পোজিয়ামে যোগ দিতে সার্কভূক্ত দেশের গভর্নর ও ডেপুটি গভর্নররা বাংলাদেশে এসেছেন।
মঙ্গলবার তারা চাঁদপুরের হোসেনপুর পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১৩৯ঘ.
bdnews24