২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনকে বাংলাদেশি পণ্য আমদানির আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ থেকে লেদার, সিরামিক ও ঔষধ সামগ্রী আমদানির জন্য সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্টকহোমের গ্র্যান্ড হোটেলে প্রধানমন্ত্রীর স্যুইটে তার সঙ্গে সেদেশের বাণিজ্যমন্ত্রী এভা বিয়লিং দেখা করতে এলে তিনি এ আহ্বান জানান। স্টকহোম থেকে বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2009, 04:56 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক স্টকহোম, ২৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে লেদার, সিরামিক ও ঔষধ সামগ্রী আমদানির জন্য সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্টকহোমের গ্র্যান্ড হোটেলে প্রধানমন্ত্রীর স্যুইটে তার সঙ্গে সেদেশের বাণিজ্যমন্ত্রী এভা বিয়লিং দেখা করতে এলে তিনি এ আহ্বান জানান। এছাড়া বৈঠকে ঢাকা-স্টকহোম সরাসরি ফ্লাইট চালুর বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান। আজাদ বলেন, সুইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডিশ বাণিজ্যমন্ত্রী এভা বিয়লিংয়ের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া বৈঠকে বাংলাদেশ থেকে সুইডেনে রপ্তানি বাণিজ্য আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। সুইডেন বাংলাদেশ থেকে বিশ্বমানের লেদার, সিরামিক ও ঔষধ সামগ্রী আমদানি করতে পারে বলে শেখ হাসিনা সুইডিশ মন্ত্রীকে জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের ঔষধের মান ভালো এবং তা বিশ্বমানের। এছাড়া সুইডেন বাংলাদেশ থেকে জাহাজ আমদানি করতে পারে। বাংলাদেশ জার্মানি, ডেনমার্ক ও নেদারল্যান্ডসে জাহাজ রপ্তানি করছে।" বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান আবুল কালাম আজাদ। স্বাধীনতার পরপরই সুইডিশ সরকার বাংলাদেশের উন্নয়নে সহায়তা দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, সুইডেন আমাদের উন্নয়নের অন্যতম অংশীদার, এটা আমরা সবসময় স্মরণ করি। প্রধানমন্ত্রী তার সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। কিন্তু এগুলো বাস্তবায়নে আর্থিক ও প্রকল্প সহায়তা দরকার বলে শেখ হাসিনা সুইডিশ বাণিজ্য মন্ত্রীকে জানান। হাসিনা বলেন, এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার বিষয়টি গুরুত্বপূর্ণ। এছাড়া প্রধানমন্ত্রী এদিন ইউরোপীয় পালার্মেন্টের প্রেসিডেন্ট ইয়েরজি বুজেকের সঙ্গে স্টকহোম কনফারেন্স সেন্টারে বৈঠক করেন। বৈঠকে বিগত সাধারণ নির্বাচনের সময় সহায়তা দেওয়ায় ধন্যবাদ জানান তিনি। গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "গণতন্ত্রকে আরও টেকসই করে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।" ইউরোপীয় পালার্মেন্টের প্রেসিডেন্ট বুজেক শেখ হাসিনার নেতৃত্বের প্রসংসা করেন বলে জানান প্রেস সচিব আজাদ। বাংলাদেশে দারিদ্র্যসহ বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও সরকার জনগণকে উদ্বুদ্ধ করতে পেরেছে এটা দেখে ইউরোপীয় ইউনিয়ন খুশী বলে প্রধানমন্ত্রীকে জানান বুজেক। প্রধানমন্ত্রীকে সুইডেনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত ১১ টা) স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা সংবর্ধনা দেবেন। ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ডে-২০০৯ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের রাজধানী স্টকহোমে রয়েছেন। শনিবার তিনি সম্মেলনে বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএনএস/এইচএ/২২২৭ঘ.