ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগ বাড়াতে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের দিকে সবচেয়ে বেশি জোর দিতে সরকারকে পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া বলেছেন, "যে কোনও প্রণোদনা প্যাকেজের চেয়ে সরকারের উচিত এডিপি বাস্তবায়ন জোরদার করা। এডিপি বাস্তবায়ন জোরদার করলে-সেটিই হবে সবচেয়ে বেস্ট প্রণোদনা প্যাকেজ। এতে গরিবরাও বেশি উপকৃত হবে।"
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সঞ্জয় বলেন, "বাংলাদেশ সরকার যদি এডিপি বাস্তবায়নে কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে পারে, তাহলে বিশ্বমন্দা মোকাবেলার জন্য যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তার আর প্রয়োজন হবে না।"
চলতি অর্থবছরে এডিপি'র আকার হচ্ছে ৩০ হাজার ৫০০ কোটি টাকা।
মন্দা মোকাবিলার জন্য সরকার গত এপ্রিল মাসে সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এরপর চলতি অর্থবছরের বাজেটে মন্দা মোকাবিলার জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়।
তবে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, "প্রণোদনা প্যাকেজের প্রয়োজন নেই, এমনটা আমরা (বিশ্বব্যাংক) বলছি না। আমরা এডিপি বাস্তবায়নের দিকে সবচেয়ে বেশি জোর দেওয়ার জন্য সরকারকে পরামর্শ দিচ্ছি।"
তিনি আরও বলেন, "গত দুই বছরের ধারাবাহিকতায় (বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়) বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এখনও স্থবিরতা বিরাজ করছে। বিনিয়োগকারীদের মধ্যে এখনও আস্থা ফিরে আসেনি। এ পরিস্থিতিতে সরকারি ব্যয় (এডিপি) বাড়ানো ছাড়া স্বল্প মেয়াদে এই মুহূর্তে বিনিয়োগ বাড়ানোর বিকল্প পথ খোলা নেই।"
বিশ্ব অর্থনীতির চলমান মন্দা এবং নানা ধরনের দুর্যোগের পরও বাংলাদেশের অর্থনীতি মজবুত ভিত্তির ওপর রয়েছে বলে মনে করছে বিশ্বব্যাংক।
"তবে বিনিয়োগে স্থবিরতা কাটেনি। বিনিয়োগ বাড়ানোই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ", বলেন জাহিদ।
তিনি গ্যাস ও বিদ্যুৎ সমস্যারও সমাধানের ওপরও জোর দেন।
সঞ্জয় বলেন, বিশ্বমন্দার কারণে বাংলাদেশের ২৪ (২ দশমিক ৪ মিলিয়ন) লাখ লোক দরিদ্র্যসীমা থেকে বের হতে পারবে না।
বিশ্বব্যাংক পরিচালিত এক সমীক্ষার তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, "বিশ্বমন্দার কারণে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন বাধাগ্রস্ত হবে। স্বাভাবিক নিয়মে ২০০৫ থেকে ২০১০ সালে ১১ শতাংশ দারিদ্র কমার কথা থাকলেও মন্দার কারণে ৯ শতাংশ কমবে।"
বর্তমানে দেশের মোট জনগেষ্ঠীর ৪০ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এরমধ্যে ২০ শতাংশ অতি দরিদ্র্য।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) মাত্র ৪ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে।
সভায় ঢাকায় বিশ্বব্যংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি রবার্ট এল ফ্লয়েডও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এমআই/১৫১৫ ঘ.
bdnews24