২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস-বিদ্যুৎ ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী জার্মানি

গ্যাস ও বিদ্যুৎ খাতে সরকারের নেওয়া মহাপরিকল্পনায় সন্তোষ প্রকাশ করে এ দুই খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। সেইসঙ্গে বাংলাদেশের সম্ভাবনাময় নতুন রপ্তানিখাত জাহাজ নির্মাণ শিল্পেও বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস ও বিদ্যুৎ খাতে সরকারের নেওয়া মহাপরিকল্পনায় সন্তোষ প্রকাশ করে এ দুই খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। সেইসঙ্গে বাংলাদেশের সম্ভাবনাময় নতুন রপ্তানিখাত জাহাজ নির্মাণ শিল্পেও বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হোলজার মিশেল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার দেশের এই আগ্রহের কথা জানান। জার্মান দূত বলেন, "গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট নিরসনে বাংলাদেশের নতুন সরকার যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে, জার্মান সরকার তাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছে। "অর্থমন্ত্রী আমাকে এ মহাপরিকল্পনার কথা বিস্তারিত জানিয়েছেন এবং আমাদের সরকারকে এ দুই খাতে বিনিয়োগ করার অনুরোধ জানিয়েছেন।" তিনি বলেন, "আমি বাংলাদেশ সরকারের এ পরিকল্পনায় সন্তুষ্ট। বিষয়টি নিয়ে আমি আমার সরকারের সঙ্গে আলোচনা করবো। আশা করছি, আমার সরকার এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেবেন।" হোলজার মিশেল আরও বলেন, "চলতি মাসের (অক্টোবর) শেষ সপ্তাহে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। ওই প্রতিনিধিদল বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের বিষয়টি খতিয়ে দেখবে। তিনি জানান, প্রতিনিধিদলটি বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প-কারখানা পরিদর্শন করবে। ব্যস্ততার কারণে অর্থমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলেননি। গ্যাস ও বিদ্যুৎ খাতে সরকার আগামী পাঁচ বছরের জন্য (বর্তমান সরকারের মেয়াদে) ১০ বিলিয়ন ডলারের (প্রায় ৭০ হাজার কোটি টাকা) একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। অবশ্য সরকার আনুষ্ঠানিকভাবে এ মহাপরিকল্পনা এখনও ঘোষণা করেনি। পরে বাংলাদেশ পেপার কোন অ্যান্ড টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২১০৬ ঘ.