খুলনা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা বিভাগীয় ট্যাঙ্ক-লরি ওনার্স এ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটের কারণে নগরীর খালিশপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতাধীন পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়ামের ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে।
এ কারণে বিভাগের বিভিন্ন জেলায় তেল সরবরাহ হয়নি।
খুলনা বিভাগীয় ট্যাঙ্ক-লরি ওনার্স এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক শেখ মুরাদ হোসেনের মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় সোমবার একদিনের এই ধর্মঘট ডাকা হয়।
গত ১২ অক্টোবর শেখ মুরাদকে মারপিট করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ১৮ তারিখের মধ্যে পুলিশ প্রশাসনকে মোটরসাইকেল উদ্ধার করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়।
নির্ধারিত সময়সীমার মধ্যে মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় রোববার রাতে সংগঠনের সভাপতি গাজী সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সোমবার থেকে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত হয়।
পদ্মা পেট্রোলিয়ামের ব্যবস্থাপক শহীদ উদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া এক চিঠিতে বলা হয়, সোমবার থেকে তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় জ্বালানি তেল পরিবেশকরা সোমবার তেল উত্তোলন করছেন না।"
খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি ওনার্স এ্যাসোসিয়েশন ও বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি গাজী সিরাজুল হক বলেন , এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোটর সাইকেল উদ্ধার এবং ছিনতাইকারীদের গ্রেপ্তার করার দাবি যথাসময়ে পূরণ না হওয়ায় ধর্মঘট পালন করা হচ্ছে।
তিনি জানান, এর পরও যদি গাড়ি উদ্ধার না হয় তাহলে সভা করে লাগাতার ধর্মঘট ডাকবেন তারা।
যশোর জ্বালানি তেল পরিবেশক সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদ হাসান টুকুন জানান, তারা সোমবার তেল উত্তোলন করেননি। এতে মজুদে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। কিন্তু সংকট নেই। কারণ প্রতিটি পাম্পেই অন্তত তিনদিনের তেল মজুদ থাকে।
এ ব্যাপারে খুলনা জেলা পুলিশ সুপারিটেন্ডেন্ট (এসপি) মো. শামসুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছিনতাইকৃত মালামাল সময়সীমা বেঁধে দিয়ে উদ্ধার করা সম্ভব নয়। পুলিশ মোটরসাইকেল উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮২৭ ঘ.
bdnews24