ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে. ডিলেনি পাঁচ দিনের সফরে রোববার ঢাকা পৌঁছেছেন।
ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ডিলেনির ঢাকা আগমনের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
দূতাবাস কর্মকর্তারা জানান, সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে মার্কিন বাণিজ্য প্রতিনিধির ঢাকা পৌঁছার কথা থাকলেও ফ্লাইট বাতিল হওয়ায় তিনি এমিরেটসের একটি ফ্লাইটে রাত ন'টার দিকে ঢাকা পৌঁছান।
এটি তার প্রথম বাংলাদেশ সফর।
মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে মাইকেল জে. ডিলেনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও তিনি চট্টগ্রাম সফর করবেন। সেখানে সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনার কথা রয়েছে।
মাইকেল জে. ডিলেনি ২০০৮-এর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি (এইউএসটিআর) হিসেবে নিয়োগ পান। ইরাক এবং দক্ষিণ এশিয়ার ভারত, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকার সঙ্গে বাণিজ্য উন্নয়ন করার দায়িত্বে তিনি নিয়োজিত।
ডিলেনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সিনিয়র ফরেন সার্ভিস অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত। ১৯৮২ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর থেকে তার কর্মজীবনের বেশিরভাগ সময়ই কেটেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উন্নয়নে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এএনএস/এসকে/এইচএ/২২২২ ঘ.
bdnews24