আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
নাটোর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের ৩৭ জন বর্গাচাষীর হাতে ঋণের টাকা তুলে দেওয়ার মধ্য দিয়ে চলতি বছরের কৃষিঋণ বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গভর্নর আতিউর রহমান।
এবার ঋণ বিতরণ কার্যক্রমে অনিয়ম এড়াতে তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। গভর্নর বলেছেন, দেশের উন্নয়নের জন্য কৃষিখাত এবং কৃষককে গুরুত্ব দিতে হবে।
চলতি অর্থবছরে ১১ হাজার ৫১২ কোটি ৩০ লাখ টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
শুক্রবার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত কৃষকদের মধ্যে ১০ লাখ ২৬ হাজার টাকা ঋণ বিতরণ করেন গভর্নর।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ঋণের টাকা বিতরণ করেন তিনি।
এবার সারাদেশে ঢাক-ঢোল পিটিয়ে কৃষিঋণ বিতরণের ঘোষণা দিয়েছিলেন আতিউর।
কাছিহাটা বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর বলেন, "দারিদ্র্য দূর করতে হলে আমাদের কৃষির ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। বর্তমান সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়েছে। তার সঙ্গে সঙ্গতি রেখেই কেন্দ্রীয় ব্যাংক রেকর্ড পরিমাণ কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।"
কৃষকদের দেশের অর্থনীতির 'প্রাণ' অভিহিত করে আতিউর বলেন, "কৃষক ফসল উৎপাদন করে একদিনে অর্থনীতিকে মজবুত করছে, অন্যদিকে এই কৃষকের সন্তানরাই বিদেশ গিয়ে সেখান থেকে অর্থ পাঠিয়ে অর্থনীতি গতিশীল করছে।"
রেমিটেন্সের ওপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অচিরেই ১ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কৃষিঋণ বিতরণে অনিয়ম ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে গভর্নর বলেন, "অনিয়ম কিংবা দুর্নীতি যেন না হয়, সে জন্য ৮৩ জন কর্মকর্তা সারাদেশে ঋণ বিতরণ কাযক্রম তদারক করবেন।"
এবার চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও দুটি বিশেষায়িত (কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) ব্যাংকের জন্য ৮ হাজার ৪৫৩ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে।
এছাড়া ২৯টি বেসরকারি ব্যাংকের জন্য ২ হাজার ৫৯৪ কোটি ৪০ লাখ টাকা এবং ১০টি বিদেশি ব্যাংকের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬৪ কোটি ৯০ লাখ টাকা।
২০০৮-০৯ অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৩৮৯ কোটি টাকা।
কাছিহাটার পর চাতিলা ইউনিয়নে নয় মৎস্যজীবীর হাতে ঋণের ৭ লাখ টাকা তুলে দেন গভর্নর। দুটি অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত ১৪ জুলাই কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, "সাধারণত গ্রাম থেকে টাকা শহরে আসে। আমরা চাই, শহর থেকে টাকা গ্রামে যাক। এ বিষয়টি বিবেচনায় রেখেই কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৪০০ ঘ.
bdnews24