২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কৃষিঋণ বিতরণ তিন স্তরে তদারক করা হবে'

কৃষকরা যাতে ঠিকমত ঋণ পায় সেজন্য কৃষিঋণ বিতরণ তিন স্তরে তদারক করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

রাজশাহী, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কৃষকরা যাতে ঠিকমত ঋণ পায় সেজন্য কৃষিঋণ বিতরণ তিন স্তরে তদারক করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, "কেবল কাগজ-কলমে ঋণের পরিমাণ দেখালে হবে না, কৃষকরা যাতে ঠিকমত সেই ঋণ পায় সেজন্য তিন স্তরে তদারক করা হবে। বাংলাদেশ ব্যাংক, এর বিভিন্ন কার্যালয় এবং ঋণদানকারী ব্যাংকগুলো তদারকের কাজ করবে।" বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আতিউর রহমান এই কথা বলেন। তিনি জানান, কৃষি ঋণ এক বছরে ২৫ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার ১২ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করা হবে। আতিউর বলেন, "কৃষকরা যাতে হয়রানির শিকার না হন এজন্য একবার ঋণ নিলে সেই কাগজপত্রে কৃষকরা তিন বছর পর্যন্ত ঋণ নিতে পারবে। কৃষকদের প্রকাশ্যে ঋণ দেওয়ার ব্যবস্থাও চালু করা হচ্ছে।" তিনি মনে করেন, কৃষি প্রধান দেশ হওয়ায় বিশ্বব্যাপী মন্দার মধ্যে বাংলাদেশ ভাল অবস্থানে আছে এবং ব্যাংকিং খাতও ভালভাবে চলছে। এজন্য কৃষি খাতকে সহায়তা দিলে প্রবৃদ্ধি ৬ এর নিচে নামবে না। আতিউর রহমান জানান, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইতোমধ্যে ই-পেমেন্ট চালু হয়েছে। শিগগিরই ই-কমার্স চালু হচ্ছে। এক, দুই ও পাঁচ টাকার কয়েন খুব শিগগির আসছে। আগামি জানুয়ারি থেকে অটো ক্লিয়ারিং ব্যবস্থা চালু হবে এবং আগামি দুই বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংক পরিপূর্ণভাবে ডিজিটালাইজড করা হবে। বায়োগ্যাস প্লান্টের জন্য দুশ' কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান। আতিউর রহমান বলেন, "বাংলাদেশ ব্যাংকে সন্তোষজনক মাত্রায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকায় আমরা জোর গলায় বিশ্ব ব্যাংক এবং আইএমএফ'র মতো প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে পারি।" মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) সরদার মো. শাজাহানসহ ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর নগরভবনে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে রাজশাহীর আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এছাড়া তিনি রাজশাহী অঞ্চলের ব্যাংক প্রধান, এনজিও প্রধান, রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও মতবিনিময় এবং বিভিন্ন শাখা পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪০ ঘ.