২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য মজুদ বাড়াতে ১৩৯টি নতুন গুদাম নির্মাণ করবে সরকার

পর্যাপ্ত খাদ্য মজুদ গড়ে তুলতে দেশের উত্তরাঞ্চলের ৭৬ উপজেলায় ১৩৯টি নতুন খাদ্য গুদাম নির্মাণ করবে সরকার। এরমধ্যে ৮১ টি এক হাজার মেট্রিক টন এবং ৫৮ টি ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যাপ্ত খাদ্য মজুদ গড়ে তুলতে দেশের উত্তরাঞ্চলের ৭৬ উপজেলায় ১৩৯টি নতুন খাদ্য গুদাম নির্মাণ করবে সরকার। এরমধ্যে ৮১ টি এক হাজার মেট্রিক টন এবং ৫৮ টি ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন। এ গুদামগুলোতে সবমিলিয়ে এক লাখ ১০ হাজার মেট্রিক টন খাদ্য মজুদ রাখা যাবে। আর এ জন্য মোট ব্যয় হবে ২৪১ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থে এসব গুদাম নির্মাণ করা হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ সংক্রান্ত প্রকল্পটি অনুমোদন করা হয়। বৈঠক শেষে পরিকল্পনা সচিব হাবিবউল্ল্যাহ মজুমদার এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। দেশে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি, খাদ্যশস্য সংগ্রহের মাধ্যমে কৃষকদের আরও বেশি খাদ্য ফলাতে উদ্বুদ্ধ করা এবং অতিরিক্ত খাদ্য শস্য সংগ্রহের মাধ্যমে আপদকালীন খাদ্য সরবরাহ সূচারুভাবে সম্পন্ন করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য বলে প্রকল্পটির কার্যপত্রে উল্লেখ করা হয়েছে। প্রকল্পের পটভূমিতে বলা হয়, খাদ্যশস্যের প্রায় ৭০ শতাংশ দেশের উত্তারাঞ্চল থেকে সংগ্রহ করা হয়ে থাকে। কৃষক, মিল মালিক এবং উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন খাদ্য মজুদ ক্ষমতা বাড়ানোর দাবি করে আসছে। বর্তমানে যে গুদামগুলো আছে তা পর্যাপ্ত খাদ্য শস্য মজুদ রাখার জন্য যথেষ্ট নয়। ধারণ ক্ষমতার অতিরিক্ত খাদ্য মজুদ রাখতে হয়। এর ফলে অনেক সময় মজুদ খাদ্যশস্য নষ্ট হয়ে যায়। এছাড়া রেল, সড়ক ও জলপথে যানবাহনের অপর্যাপ্ততার কারণে বিপুল পরিমাণ খাদ্য ঘাটতি এলাকায় পরিবহন করতে অনেক বেশি খরচ হয়। খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরও অধিকতর কার্যকর করতে পর্যাপ্ত খাদ্যশস্যের 'জরুরি মজুদ' প্রয়োজন। ফসল উঠার পরপরই সরকার কৃষকদের কাছ থেকে খাদশস্য কিনে এই 'জরুরি মজুদ' গড়ে তুলবে। এতে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে। আর এ বিষয়টি নিশ্চিত করতেই নতুন করে আরও ১৩৯টি গুদাম নির্মাণ করা হচ্ছে বলে কার্যপত্রে বলা হয়। রাজশাহী বিভাগের ১৫টি জেলার ৭৬টি উপজেলায় ২০১১ সালের জুন নাগাদ এই গুদামগুলো নির্মাণ করা হবে। খাদ্য অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তর এই গুদামগুলো নির্মাণ করবে। সবচেয়ে বেশি গুদাম নির্মাণ করা হবে বগুড়া জেলায়। এ জেলায় মোট ৪০ টি গুদাম নির্মাণ করা হবে। এ গুদামগুলোতে মোট ৩৫ হাজার টন খাদ্য মজুদ রাখা যাবে। এছাড়া দিনাজপুর জেলায় ২২টি, ঠাকুরগাঁওয়ে ১২টি, পঞ্চগড়ে ৫টি, নীলফামারীতে ২টি, লালমনিরহাটে ৭টি, কুড়িগ্রামে ৫টি, রংপুরে ৭টি, গাইবান্ধায় ৫টি, জয়পুরহাটে ৫টি, নওগাঁয় ৬টি, সিরাজগঞ্জে ৬টি, পাবনায় ৯টি, রাজশাহীতে ৪টি এবং নাটোরে ৪টি নতুন খাদ্য গুদাম নির্মাণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/১৯৫১ ঘ.