২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো ঘোষণা

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আগামী এক মাসের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সরকারি কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার নতুন করে 'সিভিল সার্ভিস অ্যাক্ট' প্রণয়নেরও উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 01:12 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আগামী এক মাসের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সরকারি কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার নতুন করে 'সিভিল সার্ভিস অ্যাক্ট' প্রণয়নেরও উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তিনি। তুরস্ক, সাইপ্রাস ও গ্রীস সফর শেষে দেশে ফিরে রোববার বিকেলে রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। এর আগে গত শুক্রবার দেশে ফিরেই বিমানবন্দরে অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে এ তিন দেশ সফরের তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা বাড়ানো সংক্রান্ত সপ্তম পে- স্কেল অনুমোদন হবে কিনা-এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "না, আগামীকালের (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেল অনুমোদন হবে না। "তবে আগামী এক মাসের মধ্যে নতুন পে-স্কেল ঘোষণা করা হবে বলে আমরা (সরকার) আশা করছি।" তিনি জানান, যখনই পে-স্কেল ঘোষণা করা হোক না কেন- কর্মকর্তা-কর্মচারিরা ২০০৯ সালের জুলাই মাস থেকেই নতুন-স্কেলে বেতন-ভাতা পাবেন। সপ্তম পে-স্কেল ঘোষণা করতে কেন দেরি হচ্ছে-এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "পে কমিশন, সচিব কমিটি ও জুডিশিয়াল সার্ভিস কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এ সব প্রতিবেদন সমন্বয় করতে কিছুটা দেরি হচ্ছে। খুব শিগগিরই আমি এ সব প্রতিবেদন পর্যালোচনা করে মন্ত্রিসভায় পাঠাব।" "আশা করছি, এক মাসের মধ্যে তা ঘোষণা করা হবে।" বলেন অর্থমন্ত্রী। বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে (২০০৮ সালের সেপ্টেম্বর মাসে) সাবেক সচিব মোস্তাফিজুর রহমানকে প্রধান করে পে-কমিশন গঠন করা হয়। কমিশন এপ্রিল মাসের শেষের দিকে অর্থমন্ত্রীর কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রতিবেদনে সর্বোচ্চ বেতন ৪৫ হাজার টাকা ও সর্বনিম্ন বেতন ৪ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়। এরপর সচিব কমিটি ওই প্রতিবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ বেতন ৩৯ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ৪ হাজার ১৫০ টাকা করার প্রস্তাব করে। নতুন 'সিভিল সার্ভিস অ্যাক্ট' সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, "এ অ্যাক্টে কি থাকবে, সে বিষয়ে এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না। সব মহলের মতামত নিয়ে এটা করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/১৯১৪ ঘ.