২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়ম হলে ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

আগামী ১৫ অক্টোবর থেকে ১৬ জেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি চালু হচ্ছে জানিয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, এতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের একশ' দিনের কর্মসৃজন কর্মসূচির মত অনিয়ম বা দুর্নীতি হলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫ অক্টোবর থেকে ১৬ জেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি চালু হচ্ছে জানিয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, এতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের একশ' দিনের কর্মসৃজন কর্মসূচির মত অনিয়ম বা দুর্নীতি হলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, "মঙ্গাপ্রবণ ও ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত ১৬ জেলায় আগামী ১৫ অক্টোবর থেকে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি চালু হচ্ছে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করা হবে। এতে তত্ত্বাবধায়ক সরকারের সময়ের একশ' দিনের কর্মসৃজন কর্মসূচির মত অনিয়ম বা দুর্নীতি হলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং প্রকল্প বন্ধ করে দেওয়া হবে।" আগে প্রকল্প পরিমাপের কোনও সূচক ছিল না উল্লেখ করে তিনি বলেন, "এ বছর প্রকল্পের কাজ পরিমাপের সুনির্দিষ্ট সূচক দেওয়া হয়েছে এবং তা কঠোরভাবে অনুসরণ করতে হবে। মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের কাজ মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ের কয়েকজন উপ-সচিবকে সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে।" কর্মসূচি বাস্তবায়নে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের সাংবিধানিক দায়িত্ব পালনে সরকার আন্তরিকভাবে কাজ করছে মন্তব্য করে রাজ্জাক জানান, অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি ছাড়াও সরকার আইলায় ক্ষতিগ্রস্ত ও মঙ্গাপ্রবণ এলাকায় আগামী ডিসেম্বর পর্যন্ত ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতি পরিবারকে মাসে ২৫ কেজি করে চাল দেবে। তিনি বলেন, "গত অর্থবছরের ছয় মাসে বিভিন্ন কর্মসূচিতে ২১ লাখ টন খাদ্যশস্য বিতরণ করায় খাদ্যশস্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। এরপরও চলতি অর্থবছরে এর পরিমাণ বাড়িয়ে ২৬ লাখ টন করা হয়েছে।" উপজেলা পর্যায়ে মাত্র একজন পিআইও টিআর ও কাবিখাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, "এ কাজ অত্যন্ত দূরূহ। এ সমস্যা সমাধানে উপজেলা পর্যায়ের অফিসের আরও জনবল দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।" তিনি জানান, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আওতায় প্রত্যেক পিআইও অফিসে কম্পিউটার ও ফ্যাক্সসহ আধুনিক অফিস উপকরণ দেওয়া হবে। এজন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণও দেওয়া হবে। এ সময় মন্ত্রী উপজেলা পর্যায়ের পিআইওদের সকল প্রকার দুর্নীতি ও রাজনৈতিক চাপের ওপর ঊর্ধ্বে উঠে কাজ করার তাগিদ দেন। তিনি বলেন, "রাজনৈতিক চাপের ঊর্ধ্বে উঠে পিআইওদের তৃণমূল পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে কোনও অনিয়ম, দুর্নীতি, গাফিলতি বা অবহেলা হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। দোষীদের শাস্তি পেতে হবে।" পিআইও সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক জহিরুল হক, পরিচালক আনোয়ারুল ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহজাহান কবীর প্রমুখও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এসএইচ/২১১৫ ঘ.