ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ মধ্যম সারির উন্নত দেশের পর্যায়ে উন্নীত হয়েছে। সোমবার প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক প্রতিবেদনে একথা বলা হয়।
'ওভারকামিং ব্যারিয়ারস: হিউম্যান মবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট' শীর্ষক এ প্রতিবেদনে বলা হয়, গড় আয়ু, শিক্ষা ও জীবন যাত্রার মানের অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক (এইচডিআই) এক দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।
২০০৭ সালের উপাত্তের ভিত্তিতে মানব উন্নয়ন সূচকে আগের বছরের তুলনায় দুই ধাপ এগিয়ে বাংলাদেশ ১৮২টি দেশের মধ্যে ১৪৬ তম স্থান অধিকার করে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার বলেন, মানব উন্নয়নের ক্ষেত্রে গত তিন দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
'মানব উন্নয়ন প্রতিবেদন ২০০৯'- এ মানব উন্নয়নের ক্ষেত্রে অভিবাসনকে অন্যতম মূল বিষয় হিসেবে তুলে ধরা করা হয়েছে।
অভিবাসনের মাধ্যমে অভিবাসীরা দেশে রেখে আসা পরিবারের সদস্যদের উন্নয়নের পাশপাশি সেদেশের মানব সম্পদ উন্নয়নেও ভূমিকা রাখছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।
বাংলাদেশের ক্ষেত্রে অভিবাসনের হার সাড়ে চার শতাংশ, যার ৯০ শতাংশের বেশি এশিয়ার উন্নত দেশগুলোতে বাস করছে।
অভিবাসী বাংলাদেশীদের অধিকার নিশ্চিতে বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে সক্রিয় করতে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে এ বিষয়ে আরো অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন প্রিজনার।
তিনি বলেন, অভিবাসন থেকে সর্বোচ্চ প্রাপ্তি নিশ্চিত করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
রেমিটেন্সের বিষয়ে বলা হয়, ২০০৯ সালে বাংলাদেশীদের ক্ষেত্রে জনপ্রতি গড় রেমিটেন্স ছিল ৪১ মার্কিন ডলার যা দক্ষিণ এশিয়ার গড় রেমিটেন্স ৩৩ মার্কিন ডলারের চেয়ে বেশি।
দারিদ্র্য দূরীকরণে অভিবাসন, বিশেষকরে অভ্যন্তরীণ অভিবাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও ওই প্রতিবেদনে বলা হয়।
এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে দেখা গেছে- যেসব পরিবারের অন্তত একজন সদস্য অভ্যন্তরীণভাবে দেশের অন্যত্র গমন করেছে সেসব পরিবারের দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে।
অভ্যন্তরীণ অভিবাসন ব্যবস্থাপনায় একটি সমন্বিত কৌশলের উপর গুরুত্বারোপ করেন ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার।
তিনি বলেন, অভ্যন্তরীণ অভিবাসনকে সমস্যা হিসেবে না দেখে একে উন্নয়ন চাহিদার একটি সম্ভাব্য সামধান হিসেবে গণ্য করতে প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে উৎসাহিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এইচএ/২২৪৭ ঘ.
bdnews24