চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পাইকারী বাজারে চালের দাম বেড়েছে। এর প্রভাবে খুচরা বাজারেও সিদ্ধ ও আতপ চালের দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে।
চট্টগ্রামে চালের অন্যতম পাইকারী বাজার চাক্তাইয়ের ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দশ থেকে ১৫ দিনের ব্যবধানে পাইকারী বাজারে প্রতি বস্তা (৭৪ কেজি) চালের দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত।
ওমর আজম বলেন, নওগাঁ-দিনাজপুরে ধানের দাম বাড়তে থাকায় সব ধরনের দশী চালের দাম বেড়ে গেছে। এছাড়া ওই এলাকার কিছু ব্যবসায়ী তাদের মোকামে অতিরিক্ত চাল মজুদ রাখায় দাম বাড়ছে।
চাক্তাই বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সেখানকার পাইকারী বাজারে দেশী বেতি প্রতি বস্তা (৭৪ কেজি) এক সপ্তাহের ব্যবধানে ১০০ টাকা বেড়ে ১৫০০ থেকে ১৫৫০ টাকা, দেশী ইরি ১৫০ টাকা বেড়ে ১৩৫০ থেকে ১৩৬০ টাকা, বার্মা বেতি ৫০ টাকা বেড়ে ১৩৭০ টাকা, মিনিকেট (আতপ) ১০০ টাকা বেড়ে ১৮০০ টাকা, দিনাজপুরী পাইজাম ২০০ টাকা বেড়ে ২৫০০ টাকা, পারী সিদ্ধ ১০০ টাকা বেড়ে ১২৩০ টাকা এবং জিরাশাইল প্রতি বস্তা ৭৫ টাকা বেড়ে ১৫৭৫ টাকায় বিক্রি হয়েছে।
আর পাইকারী বাজারে দাম বাড়ার প্রভাবে খুচরা চাল বিক্রেতারাও নগরীর বিভিন্ন বাজারে এসব চাল কেজিতে ২ থেকে ৩ টাকা বাড়িয়ে বিক্রি করছেন।
শুক্রবার সকালে রেয়াজুদ্দিন বাজারের খুচরা বিক্রেতারা দেশী বেতি প্রতি কেজি ২৪ টাকা, বার্মা বেতি ২২ টাকা, দিনাজপুরী পাইজাম ৩৬ টাকা, মিনিকেট ২৫ টাকা, মিনিকেট সিদ্ধ ২৭ টাকা, পারি সিদ্ধ ২৫ টাকা এবং জিরাশাইল ৩৩ টাকায় বিক্রি করেন।
রেয়াজুদ্দিন বাজারের খুচরা দোকানি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাইকারী বাজারে চালের দাম বাড়তি থাকায় খুচরা বাজারেও দাম বাড়ছে।
খুচরা বিক্রেতারা চালের মজুদ করেন না জানিয়ে শাহ আলম বলেন, "দাম বাড়ার জন্য উত্তরবঙ্গের চালের মোকাম মালিক ও আড়তদাররা দায়ী। আর চালের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং আরও জোরদার করা উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এএনএস/এইচএ/২১২৯ ঘ.
bdnews24