যশোর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলার খবর পেয়েই গা-ঢাকা দিয়েছে যশোরের অভয়নগরের চিনি মজুদদার।
বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়েও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিদের গ্রেপ্তার করার জন্য গোপনীয়তা রক্ষা করা হয়। কিন্তু মামলার খবর চাউর হওয়ায় তারা গা ঢাকা দিয়েছে। সম্ভাব্য স্থানে অভিযান চালানো হচ্ছে।"
১৬ কোটি টাকা মূল্যের চিনি মজুদের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন কৃষি বিপণন অধিদপ্তরের যশোর জেলার সুজায়েত হোসেন খান।
অবৈধভাবে চিনি মজুদ রেখে মূল্য বৃদ্ধি এবং বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টির অভিযোগে দুটি মামলায় দুটি আমদানিকারক প্রতিষ্ঠানের ৬ অংশীদারসহ ১৫ জনকে আসামি করা হয়।
আসামিরা হলেন- জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের মালিক আব্দুল ওহাব, আনিসুর রহমান (বড়) ও আনিছুর রহমান (ছোট), আব্দুল ওয়াদুদ, মধুসুদন সাহা।
সাজিদ ট্রেডিং ইন্টারন্যাশনালের মালিক রাজু আহম্মেদ, বাগদাদ ট্রেডিংয়ের মালিক মো. আমিন ও চিত্র রঞ্জন কুন্ডু।
শেখ ব্রাদার্সের হাফিজুর রহমান বাবু, রফিকুল ইসলাম, শফিয়ার রহমান, মধুসূদন সাহা, অলোক, সিরাজুল ইসলাম ও সরোয়ার হোসেন।
মামলার পরপরই জেলা প্রশাসন, র্যাব ও পুলিশের কয়েকটি দল অভিযুক্ত ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য যশোর ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।
গত ২৬ সেপ্টেম্বর র্যাব, পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি যৌথ দল অভয়নগরে জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন ও শেখ ব্রাদার্সের চারটি গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের ৭৪ হাজার বস্তা চিনি জব্দ করে।
যশোরের জেলা প্রশাসক মহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার রাত ১০টায় ফ্যাক্সে নির্দেশনা আসার পর ওই দুই আমদানিকারক প্রতিষ্ঠানসহ কয়েকজন ডিও ব্যবসায়ীর বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দুটি করা হয়।
মামলার বাদি সুজায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরস্পর যোগসাজশে চিনি মজুদ ও দাম বাড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের ২৫/১/খ ধারায় আলাদা দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় সাতজনকে এবং অপর মামলায় আটজনকে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬২০ ঘ.
bdnews24