ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে সদ্য প্রবেশ করা ম্যারিকো বাংলাদেশ লি. এর শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তদন্তে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন এসইসি'র নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া।
বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান।
এসইসি কর্মকর্তা বলেন, গত ১৬ সেপ্টেম্বর বাজারে আসার প্রথম দিনই প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৩৬৮ টাকা। বৃহস্পতিবার এর দাম ছিল ৪৫০ টাকা।
এদিকে, পুঁজিবাজারে শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও বাজারকে প্রভাবিত হওয়ার হাত থেকে রক্ষায় মার্জিন লোনের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে এসইসি।
এখন থেকে তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ার লেনদেন শুরুর ৩০ দিনের মধ্যে ওই শেয়ারের বিপরীতে মার্জিন লোন দেওয়া যাবে না বলে আনোয়ারুল কবির জানান।
বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ারের বিপরীতে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ ফার্মগুলো এ মার্জিন লোন দিয়ে থাকে।
আনোয়ারুল কবির জানান, জেড ক্যাটাগরির শেয়ার এবং যেসব প্রতিষ্ঠান হালনাগাদ আর্থিক বিবরণী জমা দিতে ব্যর্থ হবে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই নীতি অনুসরণ করা হবে।
এছাড়া এই লোনের ব্যাপারে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য একটি নতুন আইন তৈরির প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
বর্তমান মার্জিন লোন রুল ১৯৯২ শুধু ব্রোকারেজ ফার্মের ক্ষেত্রে প্রযোজ্য। যদিও মার্চেন্ট ব্যাংকগুলোকে এসইসি ১:১ দশমিক ৫ হারে মার্জিন লোন দেওয়ার সীমা বেঁধে দিয়েছে।
এদিকে, বিভিন্ন সময় পুঁজিবাজারে লেনদেন স্থগিত হওয়া ৪৮টি প্রতিষ্ঠানকে 'ওভার দ্য কাউন্টার' (ওটিসি) বাজারে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর ওটিসি বা বিকল্প বাজারের উদ্বোধন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জিএনএ/২২৫৫ ঘ.
bdnews24