ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকিং খাতে তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া সংস্কার কর্মসূচি এই সরকার অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, "ব্যাংকিং খাতে নানা ধরনের সংস্কার চলছে। আমরা (সরকার) সেসব কর্মসূচি অব্যাহত রাখতে চাই। এ খাতে শৃংখলা ফিরিয়ে আনতেই আমরা এটি করতে চাই।"
তিনি বলেন, "বৈঠকে ব্যাংকের প্রধান নির্বাহীরা আমাকে বলেছেন, এ সংস্কার কর্মসূচি, বিশেষ করে সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংগুলোতে যে সংস্কার কর্মসূচি চলছে তা অব্যাহত থাকলে ব্যাংকিং খাতে ইতিবাচক ফল পাওয়া যাবে। এসব বিষয় বিবেচনায় রেখে সংস্কার কর্মসূচি অব্যাহত রাখা হবে।"
বৈঠকে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ব্যাপারে কোন আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, "পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ই এ চৌধুরী সকালে আকস্মিকভাবে মারা যাওয়ায় বৈঠকটি খুব দ্রুত শেষ করতে হয়েছে। এ কারণে অন্য কোন বিষয় নিয়ে তেমন আলোচনা হয়নি। পরবর্তী বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা করা হবে।"
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমদসহ রাষ্ট্রায়ত্ব চার বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এজে/জিএনএ/১৯৪৯ ঘ.
bdnews24