ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের জব্দ করা ব্যাংক হিসাবগুলো ঢালাওভাবে খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার দুপুরে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তা-মালিকদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের তিনি একথা জানান।
জব্দ করা ব্যাংক হিসাবগুলো ঢালাওভাবে খুলে দেওয়া হবে কিনা- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "ঢালাওভাবে খুলব কেন? এভাবে খুলে দেওয়ার তো প্রশ্নই আসে না। এর সঙ্গে আইনের দিক বিবেচনা করতে হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
তিনি বলেন, "এসব ব্যাংক হিসাবের মালিকদের অনেকের বিরুদ্ধে বেশ কিছু মামলা বিচারাধীন রয়েছে। এগুলোর ব্যাপারে যাচাই-বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিএলএফসিএ'র চেয়ারম্যান আনিস এ খান বলেন, "আমরা অর্থমন্ত্রীর কাছে আমাদের কর্পোরেট ট্যাক্স কমানোর সুপারিশ করেছি। এ ট্যাক্স কমালে আমরা আমাদের সুদের হার কমাতে পারব।"
তিনি বলেন, "আমরা ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নিয়ে গ্রাহকদের ঋণ দিয়ে থাকি। এ কারণে আমাদের ঋণে সুদের হার বেশি পড়ে যায়। সরকার কর্পোরেট ট্যাক্স কমালে আমরা আমাদের ঋণে সুদের হার কমাতে পারব।"
চলতি ২০০৮-০৯ অর্থ বছরের বাজেটে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ৪৫ শতাংশ কর্পোরেট ট্যাক্স নির্ধারণ করা হয়েছে।
এর আগে শনিবার সচিবালয়ে টঙ্গির ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, জব্দ করা ব্যাংক হিসাবগুলো খুলে দেওয়া সংক্রান্ত ফাইলটি তার টেবিলে আছে।
তিনি বলেন, "এর সঙ্গে অনেকগুলো পক্ষ (দুদক, এনবিআরসহ অন্যান্য সরকারি সংস্থা) জড়িত। জলদি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সার্বিক বিষয় বিচার-বিশ্লেষণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
তত্ত্বাবধায়ক সরকারের সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রায় ৩০০টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। এদের অধিকাংশই দেশের প্রভাবশালী রাজনীতিক, ব্যবসায়ী-শিল্পপতি ও তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এজে/জিএনএ/১৪২২ ঘ.
bdnews24