ঢাকা জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের জব্দ করা ব্যাংক হিসাবগুলো খুব শিগগিরই খুলছে না।
৭ দিনের মধ্যে এ হিসাবগুলো খুলে দেওয়া হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের উদ্ধৃতি দিয়ে গত ২০ জানুয়ারি তারিখ প্রকাশিত খবরের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন মন্ত্রী।
অর্থমন্ত্রী শনিবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন এ ব্যাপারে এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি।
সচিবালয়ে টঙ্গির ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, জব্দ করা ব্যাংক হিসাবগুলো খুলে দেওয়া সংক্রান্ত ফাইলটি তার টেবিলে আছে। তিনি বলেন, "এর সঙ্গে অনেকগুলো পক্ষ (দুদক, এনবিআরসহ অন্যান্য সরকারি সংস্থা) জড়িত। জলদি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সার্বিক বিষয় বিচার-বিশ্লেষণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
অর্থমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ৭ দিনের মধ্যে হিসাব খুলে দেওয়ার খবর সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, "৭ দিনের মধ্যে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে-এ কথা আমি বলিনি। ঐ দিন আমি বলেছিলাম জব্দ ব্যাংক অ্যাকাউন্টগুলোর ব্যাপারে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে। খুলে দেওয়া হবে-সে বিষয়ে আমি কোনো মন্তব্য করিনি।"
অর্থমন্ত্রী বলেন, "পুরো বিষয়টির সঙ্গে অনেকগুলো পক্ষ জড়িত। এ ব্যাপারে জলদি কোনো সিদ্ধান্ত হবে না। সার্বিক বিষয় বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে।"
তত্ত্বাবধায়ক সরকারের সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রায় ৩০০ টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। এদের অধিকাংশই দেশের প্রভাবশালী রাজনীতিক, ব্যবসায়ী-শিল্পপতি ও তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব।
দ্রব্যমূল্য প্রসঙ্গে মুহিত বলেন, "আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক পর্যায়ে কিছু ব্যবস্থা নেওয়ার ফলে চাল, ডাল, ভোজ্যতেলসহ আরও কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। আশা করছি ভবিষ্যতে আরও কমে আসবে। আমরা (সরকার) একটি 'মজুদনীতি' করার চিন্তা করছি। ইতিমধ্যে এ নীতি প্রণয়ণের কাজ শুরু হয়ে গেছে। সরকারের কাছে কি পরিমাণ খাদ্য মজুদ থাকবে, মজুদ গড়ে তুলতে কখন কি পণ্য আমদানি করতে হবে-এ সব বিষয় নিয়ে এই মজুদনীতি করা হবে।"
নতুন বাজেটে (২০০৯-১০ অর্থ বছরের বাজেট) মজুদনীতি সংক্রান্ত ঘোষণা থাকবে বলে জানান অর্থমন্ত্রী।
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এই মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের অধিকাংশ সদস্য বৃহত্তর সিলেটের। আমি মন্ত্রী হওয়ার কারণে এলাকার লোক হিসেবে তারা অভিনন্দন জানাতে এসেছেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর শাহলা খাতুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩২৩ঘ.
bdnews24