ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকার নিত্যপণ্যের মূল্য ওঠা-নামা পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটকে (বিএফটিআই)। বাণিজ্যমন্ত্রী ফারুক খান শনিবার একথা জানিয়েছেন।
বিএফটিআই পরিচালনা পর্ষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, সরকার চায় অভ্যন্তরীণ এবং বহিঃবাণিজ্যের ব্যাপারে এটি একটি থিংকট্যাংক হিসেবে কাজ করুক।
মন্ত্রী বলেন, "বিএফটিআই-কে কীভাবে শক্তিশালী করা যায় এবং প্রশিক্ষণ প্রদান ও উন্নয়ন কাজের বাইরেও এর কাজ কী হবে তা নিয়ে আমরা আলোচনা করেছি ।"
বিএফটিআই-এর নতুন দায়িত্ব সম্পর্কে বাণিজ্য মন্ত্রী বলেন, " স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য ওঠা-নামার কারণগুলো খতিয়ে দেখবে বিএফটিআই এবং বাজারে এর প্রভাব সম্পর্কে পূর্বাভাস দেওয়ার চেষ্টা করবে।"
সরকার মনে করছে, এই গবেষণা উদ্যোগ থেকে প্রাপ্ত তথ্য বাজার উন্নয়নে বাস্তবানুগ পদক্ষেপ গ্রহণে তাদের সহায়তা করবে।
বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর এম এ তসলিম সাংবাদিকদের জানান, আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে তারা কাজ শুরু করতে পারবেন বলে আশা করছেন।
ুবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এইচএ/এসকে/২২৪১ঘ.
bdnews24