২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি অর্জনে সহায়তার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান। তিনি বলেন, "পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শীর্ষে নিয়ে যেতে সরকার সর্বাত্মক সহায়তা দেবে।" শুক্রবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিজিএমইএ আয়োজিত চিটাগাং ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন (কাফেক্সপো) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 04:53 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি অর্জনে সহায়তার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান। তিনি বলেন, "পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শীর্ষে নিয়ে যেতে সরকার সর্বাত্মক সহায়তা দেবে।" শুক্রবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিজিএমইএ আয়োজিত চিটাগাং ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন (কাফেক্সপো) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "দেশের গার্মেন্টস শিল্পের বিকাশে বাধা দূর করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। চট্টগ্রামে একটি গার্মেন্টস পল্লী নির্মাণ এবং বন্দরে বিভিন্ন চার্জ কমাতে সরকার উদ্যোগ নেবে।" দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম সচল করতে শিগগিরই বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে সংসদে সংশ্লিষ্ট আইনের সংশোধন করা হবে বলেও মন্ত্রী জানান। শিল্পের প্রয়োজনে গ্যাস-বিদ্যুৎ ও বন্দরের উন্নয়নে সরকারের নেওয়া উদ্যোগের বাস্তবভিত্তিক ফলাফল আগামী ছয়-সাত মাসের মধ্যে পাওয়া যাবে বলে তিনি মনে করেন। বর্তমান সরকারকে ব্যবসা ও ব্যবসায়ী-বান্ধব অভিহিত করে মন্ত্রী বলেন, "জনগণের জীবনমান উন্নয়নের পূর্বশর্ত হল দেশের অর্থনৈতিক উন্নয়ন। অর্থনীতিকে গতিশীল করতে সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে। এ আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার।" দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের ভূমিকার বিষয়ে গুরুত্বারোপ করে ফারুক খান বলেন, "ব্যবসায়ীরা ভাল ব্যবসা করুক এটাই সরকার প্রত্যাশা করে। ব্যবসায়ীরা লাভ করলে দেশেরই লাভ হবে।" অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, "অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা সকলেই নিজেদের স্বার্থরক্ষায় ব্যস্ত ছিলেন। তাই কেউই ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করেননি। জনগণের ভোটে নির্বাচিত এ সরকার শিল্প পলিসি তৈরির উদ্যোগ নেবে।" তিনি ব্যবসায়ীদের সুবিধার্থে চট্টগ্রাম বন্দরের পাশে একটি 'বন্ডেড ওয়্যারহাউস' স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন। শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশন-এফবিসিসিআই সভাপতি আনিসুল হক আগামী পাঁচ বছরে তৈরি পোশাক রপ্তানি ১০ বিলিয়ন ডলার থেকে ২৫ বিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করেন। এ জন্য চট্টগ্রাম বন্দরকে যুগোপযোগী এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে দ্রুত চারলেনে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আনিসুল হক বলেন, "দিনবদলের কথা বলে স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছে এ সরকার। আমরা এর বাস্তবভিত্তিক প্রয়োগ দেখতে চাই।" এছাড়া তিনি শুক্রবারের পরিবর্তে রোববার সাপ্তাহিক ছুটি করার দাবি জানান। বিজিএমইএ'র সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ সভাপতিত্বে অনুষ্ঠিত কাফেক্সফো মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সংগঠনের প্রথম সহ-সভাপতি এম এ ছালাম, সহ-সভাপতি শহীদুল ইসলাম, কাফেক্সপো'০৯ এর মুখ্য সমন্বয়কারী প্রকৌশলী দেলোয়ার হোসেন। উদ্বোধনের পর বাণিজ্যমন্ত্রীসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। চিটাগাং ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন (কাফেক্সপো'০৯) মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।মেলায় দেশি-বিদেশি ৩১টি প্রতিষ্ঠানের ৪২টি স্টলে তৈরি পোশাক ছাড়াও পোশাক শিল্পে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র ও সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে। এছাড়া প্রতিদিন মেলা প্রাঙ্গণে 'ফ্যাশন শো'র আয়োজন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/এইচএ/এসকে/২২৫০ঘ.