ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চলতি বছরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ অ্যাকাউন্ট (এমসিএ) থেকে বাংলাদেশ সহায়তা পাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, "দুর্নীতি ও সুশাসনের অভাবে বাংলাদেশ এতদিন যুক্তরাষ্ট্রের এ সহায়তা থেকে বঞ্চিত ছিল। ...এই সহায়তা পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ করতে হয় আমরা তা পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করবো। আশা করছি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ সহায়তা পাওয়া যাবে।"
অন্যদিকে পুরো ২০০৯ সাল ধরে এমসিএ সহায়তা দেওয়ার বিষয়টি মূল্যায়ন করে বছরের শেষের দিকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।
জেমস এফ মরিয়ার্টি বলেন, "যেকোন দেশের এ সহায়তা পেতে হলে গণতন্ত্র, সুশাসন ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের মতো কয়েকটি শর্ত পূরণ করতে হয়। বাংলাদেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আশা করি সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দূর করতে নির্বাচিত সরকার যথাযথ ব্যবস্থা নেবে।"
মার্কিন রাষ্ট্রদূত জানান, পরিবর্তিত বর্তমান পরিস্থিতিতে তার দেশ বাংলাদেশকে এ সহায়তা দেওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে।
"আমরা পুরো বছর ধরে এই সহায়তা দেওয়ার বিষয়টি মূল্যায়ন করে বছরের শেষের দিকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব,"বলেন তিনি।
দরিদ্র দেশগুলোকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের জন্য যুক্তরাষ্ট্র এ তহবিল প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ এর আগে এই সহায়তা পায়নি। মূলত দারিদ্র্য বিমোচনের জন্যই এমসিএ তহবিল থেকে সহায়তা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/১৮২৩ঘ.
bdnews24