ঢাকা, ২০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) দ্বিতীয় বৈঠকে ৪৮৯ কোটি টাকার তিনটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এক সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবারের একনেক বৈঠকে মোট চারটি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। এরমধ্যে তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্প তিনটি হচ্ছে, ২৪৯ কোটি টাকা ব্যয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের কাঞ্চন-পঞ্চগড় সেকশনের পুনর্বাসন প্রকল্প, ১৫৯ কোটি টাকার স্থানীয় সরকার বিভাগের বৃহত্তর যশোর ও কুষ্টিয়া জেলার ইউনিয়ন পর্যায়ে সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং ৮১ কোটি টাকা ব্যয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপানশন অব ফিজিক্যাল ফ্যাসিলিটিজ অব দি ডিফেন্স সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) মীরপুর ক্যান্টনমেন্ট প্রকল্প।
ডিএসসিএসসি প্রকল্পটি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, "প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই প্রকল্পটি অনুমোদন করা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু আসলে এটি শিক্ষা উন্নয়নমূলক প্রকল্প। এই কলেজে প্রায় ৪০ জন বিদেশি ছাত্র পড়ালেখা করে। আন্তর্জাতিক পর্যায়ে এই কলেজের যথেষ্ট সুনাম আছে।"
৩৭ কোটি টাকা ব্যয়ে ইন্দিরা রোড থেকে পান্থপথ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাবিত এক প্রকল্প বাতিল করে দেওয়া হয়েছে।
প্রকল্পটি বাতিল করা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, "এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গেলে অনেক বড় বড় ভবন ভেঙে ফেলতে হবে। অনেক বেশি দামে বেসরকারি জমি অধিগ্রহণ করতে হবে। এ কারণে প্রধানমন্ত্রী প্রকল্পটি অনুমোদন না দিয়ে বাতিল করে দিয়েছেন।
বৈঠকে এছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা এবং সংশ্লি
bdnews24