২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি ঋণ: কেন্দ্রীয় ব্যাংকের কথায় গা করছে না বিদেশী ব্যাংকগুলো

সব ব্যাংকের জন্য কৃষি ঋণ বিতরণ বাধ্যতামূলক করা হলেও বিদেশী ব্যাংকগুলো গত ছয় মাসে এ খাতে একটি পয়সা ঋণ দেয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা। তিনি জানিয়েছেন, ৩০টি বেসরকারি ব্যাংকের মধ্যে মাত্র ১২টি ব্যাংক কৃষি খাতে ঋণ বিতরণের নামে 'শুভঙ্করের ফাঁকি' দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 12:08 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সব ব্যাংকের জন্য কৃষি ঋণ বিতরণ বাধ্যতামূলক করা হলেও বিদেশী ব্যাংকগুলো গত ছয় মাসে এ খাতে একটি পয়সা ঋণ দেয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা। তিনি জানিয়েছেন, ৩০টি বেসরকারি ব্যাংকের মধ্যে মাত্র ১২টি ব্যাংক কৃষি খাতে ঋণ বিতরণের নামে 'শুভঙ্করের ফাঁকি' দিয়েছে। ১২ ব্যাংকের মধ্যে ৩/৪টি ব্যাংক এ খাতে আশানুরূপ ঋণ দিয়েছে, অন্যগুলো ৫০ লাখ থেকে এক কোটি টাকা নামমাত্র ঋণ দিয়েছে। রোববার সকালে বাংলাদেশ ব্যাংকে সরকারের উচ্চ পর্যায়ের কৃষি ঋণ বিতরণ মনিটরিং কমিটর বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান নজরুল হুদা এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান। নজরুল হুদা বলেন, "বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা সত্বেও যে বিদেশী ও বেসরকারি ব্যাংকগুলো এখনও কৃষি ঋণ বিতরণ করেনি তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে এ খাতে ঋণ বিতরণের জন্য তাগাদা দেওয়া হবে। এরপরও যদি তারা আশানুরূপ কৃষি ঋণ বিতরণ না করে তাহলে তাদের জন্য এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হবে।" একইসঙ্গে যে সব ব্যাংক যৎসামান্য কৃষি ঋণ বিতরণ করেছে তাদেরকে অর্থ বছরের বাকি ছয় মাসে (জানুয়ারি-জুন) আরও বেশি করে কৃষি ঋণ বিতরণের তাগাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে নজরুল হুদা জানান। কৃষি ঋণ না দেওয়া ব্যাংকগুলোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের উত্তরে ডেপুটি গভর্নর বলেন, "আগে ব্যাংকগুলোর সঙ্গে আলাদা আলাদা (বিদেশী ও বেসরকারি ব্যাংক) বৈঠক করি, এরপরও যদি তারা সাড়া না দেয় তাহলে তাদেরকে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হবে। এরপরও যদি তারা কৃষি খাতে ঋণ না দেয় তাহলে শাস্তির বিষয়টি চিন্তভাবনা করা হবে।" ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) কৃষি ঋণ বিতরণের সার্বিক চিত্র তুলে ধরে নজরুল হুদা বলেন, গত ২০০৭-০৮ অর্থ বছরের কৃষি ঋণ বিতরণের সাফল্যের ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয় ৯ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে ডিসেম্বর পর্যন্ত ৪ হাজার ২০০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৪৫ শতাংশ। অর্থ বছর শেষে নির্ধারিত লক্ষ্যমাত্রা (৯ হাজার ৪০০ কোটি টাকা) অতিক্রম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কেন্দ্রীয় ব্যাংক চলতি বোরো মৌসুমে কৃষি ঋণ বিতরণ নিবিড়ভাবে তদারকি করবে জানিয়ে ডেপুটি গভর্নর বলেন, "দেশের বর্তমান পরিস্থিতিতে বোরো মৌসুম খুবই গুরুত্বপূর্ণ। ডিজেল ও সারের দাম কমানোর ফলে বোরোর ফলনে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে কৃষকরা যাতে সময়মতো এগুলো পায় সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বিদ্যুৎ প্রাপ্তির বিষয়টিও নিশ্চিত করতে হবে।" তিনি বলেন, "জেলা কৃষি ঋণ সমন্বয় কমিটিকে আরও কার্যকর করা গেলে ভালো ফল পাওয়া যাবে।" নজরুল হুদা জানান, কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের মাঠ পর্যায়ে ঋণ বিতরণ তদারকি করতে নির্দেশনা দেয়া হয়েছে। ডেপুটি গভর্নর জানান, পরীক্ষামূলকভাবে তিন বছর মেয়াদী যে 'আবর্তক শস্য ঋণসীমা চালু করা হয়েছে তাতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত ৬০ হাজার কৃষক এর আওতায় কৃষি ঋণ নিয়েছে। একইসঙ্গে ভূমিহীন ও বর্গাচাষীদের সহজে ঋণ প্রাপ্তির বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। গত বছরের জুলাই মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক 'আবর্তক শস্য ঋণসীমা' ব্যবস্থা চালু করে। এ ব্যবস্থায় কোনো কৃষক একবার কোনো ফসল চাষের জন্য ব্যাংক থেকে ঋণ নিলে পরবর্তী তিন বছর তাকে আর ঐ জমিতে চাষাবাদের ক্ষেত্রে ঋণের জন্য ব্যাংকে নতুন করে আবেদন করতে হবে না। আগের ঋণের নির্দিষ্ট কিস্তি পরিশোধ সাপেক্ষে এমনিতেই সে ঋণ পেয়ে যাবে। রোববারের মনিটিরিং কমিটির বৈঠকে অর্থ ও কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও সরকারি মালিকানাহীন বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/১৬০৪ ঘ.