২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের স্বার্থে প্রয়োজনে আইন সংস্কার হবে: বাণিজ্য মন্ত্রী

জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনে ব্যবসা সংক্রান্ত প্রচলিত আইনের সংস্কার করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 12:15 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনে ব্যবসা সংক্রান্ত প্রচলিত আইনের সংস্কার করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতির দুটি পৃথক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে দোকান মালিকদের সহযোগিতা কামনা করেন। ফারুক খান বলেন, "সরকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে কাজ করে যাবে। তবে ব্যবসায়ীদেরও জনগণের স্বার্থে কম ও যৌক্তিক মুনাফা করতে হবে। জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনে প্রচলিত আইনের সংস্কার করবে।" সভায় দোকান মালিকদের পক্ষ থেকে ছোট দোকানে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত শিথিল, রাত নয়টা পর্যন্ত দোকান খোলা রাখা, কাস্টমসসহ বিভিন্নরকম হয়রানি বন্ধ, ব্যাংক ঋণের সুদের হার হ্রাস ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানানো হয়। এসব দাবির জবাবে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, "ব্যবসায়ীদের মুনাফা করতে হবে; তবে তা হতে হবে যৌক্তিক। সরকার জনগণের পাশাপাশি ব্যবসায়ীদেরও স্বার্থ রক্ষা করবে।" ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির বিষয় মন্ত্রণালয়ে জানানোর পরামর্শ দিয়ে ফারুক খান বলেন, "সাত বছর দেশের সাধারণ মানুষের মতো ব্যবসায়ীরাও কষ্টে ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চাঁদাবাজরা এখনো ফিরে আসতে পারেনি। তারা যাতে ফিরে আসতে না পারে, সেজন্য সরকার ব্যবস্থা নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৮১১ঘ.