ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) আভ্যন্তরীণ ট্রান্সমিশন ব্যান্ডউইডথ ফি কমিয়ে আনার সিদ্ধান্ত অনুমোদন করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
সেলুলার অপারেটর, ইন্টারন্যাশনাল গেটওয়ে, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, পিএসটিএন অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, করপোরেট অফিস, কল সেন্টার, সফটওয়ার রপ্তানীকারক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মেডিকেল ট্রান্সক্রিপশন সার্ভিস প্রোভাইডারের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই ফি কার্যকর হবে।
বুধবার বিটিআরসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিটিসিএল এর এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশা করি, অন্য অপারেটররাও তাদের ফি কমিয়ে আনবে।"
তিনি বলেন, এতে করে দেশের মানুষ আরও কম দামে ইন্টারনেট সেবা পাবে। প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ডের সংযোগ বাড়াতে এটি অগ্রণী ভূমিকা রাখবে।
এখন থেকে নতুন প্রতিষ্ঠানগুলোকে বিটিসিএল এর ইন্টারনেট ডাটা ট্রান্সফার ব্যান্ডইউডথের জন্য আবেদনের জন্য ৫০ হাজার টাকা ফি দিতে হবে। সেট আপ ও কনফিগারেশনের ক্ষেত্রে ১ইওয়ান থেকে ১০ইওয়ান পর্যন্ত ১০ হাজার, ১১ইওয়ান থেকে ২১ইওয়ান পর্যন্ত ১৫ হাজার, ২২ইওয়ান থেকে ৪০ইওয়ান পর্যন্ত ২০ হাজার, ৪১ইওয়ান থেকে ৬৩ইওয়ান পর্যন্ত ২০ হাজার এবং ৪টি এসটিএম-১/এসটিএম-৪ এর জন্য ২৫ হাজার টাকা করে দিতে হবে।
ইওয়ানের মাসিক চার্জ ৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য সর্বনিম্ন ২০০ টাকা, সর্বোচ্চ ২৫০ টাকা। ৫১ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত সর্বনিম্ন ১৫৫ টাকা, সর্বোচ্চ ২০০ টাকা, ১০১ কিলোমিটার থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত সর্বনিম্ন ১২০ টাকা, সর্বোচ্চ ১৬০ টাকা, ২০১ কিলোমিটার থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত সর্বনিম্ন ১০০ টাকা, সর্বোচ্চ ১৩০ টাকা এবং ৩০১ কিলোমিটারের উর্ধ্বে সর্বনিম্ন ৭৫ টাকা, সর্বোচ্চ ৯৫ টাকা। তবে প্রতিক্ষেত্রে ৫০ কিলোমিটার দূরত্বের পর থেকে আগের ধাপ অনুসারে হিসাব করা হবে।
১০ইওয়ান পর্যন্ত ডাটা/ইন্টারনেট ট্রান্সফারের জন্য সার্ভিস প্রোভাইডার ও এনআইএক্স ২০ ভাগ ও করপোরেট অফিস, কল সেন্টার, সফটওয়ার রপ্তানিকারক প্রতিষ্ঠান, মেডিকেল ট্রান্সক্রিপশন সার্ভিস, আইটি সার্ভিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৩০ ভাগ হারে কমিশন পাবে।
১০ইওয়ানের ঊর্ধ্বে সেলুলার অপারেটর, ইন্টারন্যাশনাল গেটওয়ে, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে সর্বনিম্ন ২৫ ভাগ, সর্বোচ্চ ৬৫ টাকা, পিএসটিএন অপারেটরা সর্বনিম্ন ৩৫ ভাগ, সর্বোচ্চ ৭০ ভাগ, ডাটা/ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও এনআইএক্স সর্বনিম্ন ৪০ ভাগ, সর্বোচ্চ ৭৫ ভাগ, করপোরেট অফিস, কল সেন্টার, সফটওয়ার রপ্তানিকারক প্রতিষ্ঠান, মেডিকেল ট্রান্সক্রিপশন সার্ভিস, আইটি সার্ভিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বনিম্ন ৪০ ভাগ, সর্বোচ্চ ৮৫ ভাগ মূল্যছাড় পাবে।
এছাড়া বিদ্যমান সাবমেরিন কেবলের মাধ্যমে সরাসরি বিদেশে যোগাযোগের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল গেটওয়ে, ইন্টারন্যাশনাল ইন্টারনেট ও করপোরেট অফিস গেটওয়ে ১ ইওয়ান থেকে ২০ ইওয়ান পর্যন্ত ৪০ ভাগ, ২১ ইওয়ান থেকে ৪০ ইওয়ান পর্যন্ত ৭৫ ভাগ ও ৪১ ইওয়ান থেকে ৬৩ ইওয়ান পর্যন্ত ৯০ ভাগ মূল্য ছাড়া পাবে।
কল সেন্টার, সফটওয়ার রপ্তানিকারক প্রতিষ্ঠান, মেডিকেল ট্রান্সক্রিপশন সার্ভিস, আইটি সার্ভিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ১ ইওয়ান থেকে ২০ ইওয়ান পর্যন্ত ৮৫ ভাগ মূল্য ছাড়া পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২৩০০ ঘ.
bdnews24