ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মানসিকতার পরিবর্তন করে দেশের কথা ভাবার জন্য সবার প্রতি আহ্বান জানালেন পাট ও বস্ত্র মন্ত্রী লতিফ সিদ্দিকী।
মন্ত্রী মঙ্গলবার বিকালে পাট মন্ত্রণালয়ে ওভেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজেএমইএ ও নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ'র নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন।
লতিফ সিদ্দিকী বলেন,"বাংলাদেশে মানসিকতার সঙ্কট চলছে। দেশের কথা কেউ ভাবি না। সবকিছু করি পরিবারের জন্য। সেই পরিবারও আবার সঙ্কুচিত হয়ে আমি (নিজে), স্ত্রী ও সন্তানদের জন্য মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আমাদের এই মানসিকতা পরিবর্তন করে দেশের কথা ভাবতে হবে।"
পাট মন্ত্রণালয়ের আহ্বানে ব্যবসায়ী নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বিজেএমইএ'র সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও বিকেএমইএ'র সভাপতি ফজলুল হক নিজ নিজ গ্র"পের নেতৃত্ব দেন।
বৈঠকে অবিক্রিত সুতা নিয়ে স্পিনিং মিলের সঙ্কটের বিষয়ে আলোচনা হয়।
লতিফ সিদ্দিকী বলেন, "সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।"
পোশাক শিল্প মালিকদের নেতারাও আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেন।
দুই নেতাই সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
সোমবার একই বিষয় নিয়ে বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বিটিএমএ'র নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করেন পাট ও বস্ত্র মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২২১১ঘ.
bdnews24