জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অভিনব চেক জালিয়াতির মাধ্যমে এক পোষাক প্রস্তুতকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে প্রায় ৩৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।
প্রতারকরা বিদেশি ব্যাংক এইচএসবিসির তিনটি শাখা থেকে প্রতারণার মাধ্যমে ওই টাকা হাতিয়ে নেয়। এর মধ্যে গুলশান শাখা থেকে ১৫ লাখ ৭০ হাজার ৫ শ', বনানী শাখা থেকে ১৪ লাখ ৩০ হাজার এবং ধানমন্ডি শাখা থেকে ৭ লাখ ১৫ হাজার টাতা তোলা হয়। চক্রের নয় সদস্য এই টাকা ভাগ করে নেয়।
সোমবার রাতে অন্যতম সদস্য রবিন গ্রেপ্তার হওয়ার পর চক্রটির কাজের কৌশল জানা যায়। রবিন জানিয়েছে, চেক বই তোলা থেকে শুরু করে টাকা তোলা এবং ভাগাভাগি করা পর্যন্ত তাদের কাজে ব্যাংকের একজন কর্মী সহায়তা করেছেন।
মহানগর গোয়েন্দা পুলিশ এই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। একজনের কাছ থেকে জালিয়াতি করে তোলা নগদ দেড়লাখ টাকাও উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো জাহিদ হোসেন ইমন (২৪), রবিন (২৬), আবুল কাশেম দিপু ওরফে রাবু (২৪), তানিম হোসেন (২২), রায়হান রশিদ (২৬) ও সুমন (২৫)।
ঘটনার শিকার ভিয়েলাটেক্স লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) রকিবুল আরিফ সাংবাদিকদের জানান, জালিয়াতি করে টাকা তোলার বিষয়টি টের পাওয়ার পরে তারা ব্যাংকে লিখিত অভিযোগ করেন। ব্যাংক কতৃপক্ষ তাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন।
চক্রের সদস্য ইমন ২৪ নভেম্বর একটি জাল চেক নিয়ে এবি ব্যাংকের উত্তরা শাখা থেকে টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরপরেই এইচএসবিসি ব্যাংকে টাকা জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়। তাকে জিজ্ঞাসাবাদের পরেই অন্য আসামীদের গ্রেপ্তারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাতে শুরু করে ডিবি পুলিশ। পরে ঢাকা, ফরিদপুর ও গাজীপুর থেকে অন্য প্রতারকদের আটক করা হয়।
চক্রের হোতা বলে সন্দেহভাজন মোঃ আবুল কাশেম দিপু ওরফে বাবু সাংবাদিকদের কাছে বলেছে, ভিয়েলাটেক্স লিমিটেডের হিসাব বিভাগের কর্মকর্তা রায়হান রশিদের সহায়তায় তারা প্রতারণার কাজ শুরু করে। রায়হান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরের একটি নমুনা সংগ্রহ করে দেন। সেই স্বাক্ষর জাল করে তারা ব্যাংকের কাছে নতুন চেকবই চেয়ে আবেদন করে। এছাড়া ঠিকানাও বদল করেছেন বলে ব্যাংককে আরেকটি চিঠি দেয়। নতুন ঠিকানায় ইস্যু করা চেকবই নিয়ে তাদের প্রতারণা শুরু হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাংকের কলসেন্টারের একজন মহিলা কর্মী এদের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও এখনো গ্রেপ্তার করা হয়নি।
তিনি বলেন, "দুটি ব্যাংকের সিসিটিভি পরীক্ষা করে আমরা নিশ্চিত হয়েছি, উভয় ব্যাংকেই একই সংঘবদ্ধ চক্র কাজ করেছে।"
মাসুদুর রহমান বলেন, আরেক ঘটনায় রবিনের শ্বশুরের চেক জালিয়াতির মাধ্যমে ১০ লাখ টাকা তুলে নেওয়ার ব্যাপারেও তার সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশের ধারণা।
দিপু স্বীকার করেছে সে নিজেই প্রায় অর্ধেক টাকা নেয়।
টাকা তোলার দিনই ইমনের আদাবরের বাসায় ভাগাভাগি হয় বলে জানিয়েছে সে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসকে/২১৩২ঘ.
bdnews24