ঢাকা, ১২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের ২৯ জন উদ্যোক্তা এবারের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সোমবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সংসদ নির্বাচনে বিজয়ী এই পোশাক শিল্প মালিকদের জন্য এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ২৯ জন সাংসদের মধ্যে ১৮ জন উপস্থিত ছিলেন। এদের মধ্যে অধিকাংশই সরকারি দল আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন। এ তালিকায় মৎস্য ও পশুসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস যেমন আছেন, তেমনি আছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মহমুদ। আরও আছেন বিজিএমএই-র সাবেক দু'জন সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন ও টিপু মুনসি।
চার জন পোশাক শিল্প মালিক বিএনপি'র মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
১১ জন সাংসদ দেশের বাইরে থাকায় এবং অসুস্থতার কারণে অনুষ্ঠানে থাকতে পারেননি বলে বিজিএমএই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ জানান।
এর আগে কখনও এত বেশিসংখ্যক পোশাক শিল্প মালিক সংসদ সদস্য নির্বাচিত হননি বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রায় এক হাজার পোশাক শিল্প মালিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বিজিএমএই সভাপতি বিশ্ববাজারের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে বিদ্যমান সমস্যা নিরসনে পোশাক শিল্প খাত থেকে নির্বাচিত এই ২৯ জন সাংসদকে সম্মিলিত প্রয়াস নেওয়ার অনুরোধ জানান।
আনোয়ার পারভেজ এ শিল্পের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন, হরতাল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বন্দর, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান, ব্যাংক ঋণের সুদের হার হ্রাসসহ বিভিন্ন বিষয়ে সরকারি নীতি সহায়তা আদায়ের জন্য এ খাত থেকে নির্বাচিত সাংসদদের অনুরোধ জানান।
এ প্রসঙ্গে বিজিএমএই সভাপতি বলেন, "আমরা সরকারের কাছে কোনো টাকা পয়সা চাই না, আমরা শুধু চাই নীতি সহায়তা।"
মৎস্য ও পশু সম্পদমন্ত্রী লতিফ বিশ্বাস, টিপু মুনসি, মোশারফ হোসেনসহ নির্বাচিত সংসদ সদস্যদের সবাই এ সব সমস্যা সমাধানে সংসদে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রতিশ্র"তি দেন।
অনুষ্ঠানে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিাই) সভাপতি আনিসুল হকও বক্তব্য দেন।
অনুষ্ঠানে অন্য যে সব সংসদ সদস্যকে সম্বর্ধনা দেওয়া হয় তারা হলেন: আবদুল ওয়াদুদ দারা, আব্দুল্লাহ-আল-কায়সার, একেএম রহমতউল্ল্যাহ, চয়ন ইসলাম, হাফিজ আহমেদ মজুমদার, এম এ তালহা, নজরুল হামিদ বিপু, নাসিম ওসমান, শাহরিয়ার আলম, রেজা আলী, রুমানা মাহমুদ, শামসুল হক চোধুরী, শফিকুল ইসলাম, তাজুল ইসলাম, তানভির সিদ্দিকী জয় ও জহিরুল ইসলাম ভূঁইয়া মোহন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/০০০৪ঘ.
bdnews24