ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজকালের মধ্যেই সার ও ডিজেলের নতুন দাম ঘোষণা করা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ একথা জানিয়েছেন।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে সোমবার শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। এতে মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রেস সচিব সাংবাদিকদের বলেন, "আজকালের মধ্যেই দাম কমার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে বসে ডিজেলের মূল্য নির্ধারণ করবেন।"
দুপুরেই এনার্জি রেগুলেটরি কমিশনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনায় বসেন।
আলোচনা শেষে কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিজেলের দাম কমানোর জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কমিশনের কাছে আবেদন করবে। সে আবেদনপত্র নিয়ে কমিশন পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে।"
এ কাজে কত দিন লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, "আজও হতে পারে, আবার দু' একদিন সময় লাগতেও পারে।"
তিনি বলেন, "মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতিবেশী দেশের এই জ্বালানির মূল্য বিবেচনায় রাখতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে আমাদের ডিজেল দেশ থেকে অন্য কোথাও পাচার না হয়।"
মন্ত্রিসভার বৈঠক শেষে শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আরও বলেন, "আজকের বৈঠকে বাৎসরিক ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। এ বছর ১৩ দিন থাকবে সাধারণ ছুটি এবং ৯ দিন নির্বাহী আদেশের ছুটি। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হবে।"
তিনি বলেন, "সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্ত্রীর নেতৃত্বে ২৪টি কমিটি রয়েছে। প্রশাসনকে আরও গতিশীল করার জন্য কমিটির সংখ্যা ২৪টি থেকে কমিয়ে আনা হবে।"
মন্ত্রিসভার আগামী বৈঠকে কমিটির সংখ্যা নির্ধারিত হতে পারে বলে জানান তিনি।
বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী জিএম কাদের সাংবাদিকদের বলেন, "১৫ আগস্ট শোক দিবস পালন করা হবে এবং এদিন সরকারি ছুটি রাখা হয়েছে। আপনারা জানেন, এ ব্যাপারে আদালতের একটি নির্দেশনা আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এজে/জিএনএ/এমআই/১৬৩৪ ঘ.
bdnews24