গোপালগঞ্জ, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরবরাহ ব্যবস্থাকে যৌক্তিক পর্যায়ে রেখে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান।
তিনি বলেন, "ডিজেলের দাম কমলে পণ্যের পরিবহন খরচও কমবে। এতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে।"
শনিবার দুপুরে নিজ জেলা গোপালগঞ্জের পৌর বাজার পরিদর্শনের সময় বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "মহাজোট সরকার গঠনের পর সারাদেশে দ্রব্যমূল্য কমে আসতে শুরু করেছে। গোপালগঞ্জ বাজারেও দেখলাম চাল-ডাল, ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসতে শুরু করেছে।"
এর আগে বাণিজ্যমন্ত্রী স্থানীয় সার্কিট হাউসে জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি সংগঠনের কলেবর ও কর্মকাণ্ড বাড়ানোর জন্য ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন।
বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন ফারুক খান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শনিবার দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধূর সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24