২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চালের খুচরা দাম কমছে না

চট্টগ্রামের পাইকারি বাজারে চালের দাম বেশ খানিকটা কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। পাইকারির তুলনায় খুচরার দামে কেজিপ্রতি তফাত ২ থেকে ৫ টাকা পর্যন্ত। সীমিত আয়ের ক্রেতারা এতে ক্ষুদ্ধ। বাজার ঘুরে জানাচ্ছেন মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2009, 03:46 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চট্টগ্রামের পাইকারি বাজারে চালের দাম বেশ খানিকটা কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। পাইকারির তুলনায় খুচরার দামে কেজিপ্রতি তফাত ২ থেকে ৫ টাকা পর্যন্ত। সীমিত আয়ের ক্রেতারা এতে ক্ষুদ্ধ। নতুন সরকারের সময় দাম কমবে দৃশ্যত এ ধারণার জের ধরে নির্বাচনের পরপরই চট্টগ্রামের পাইকারি বাজারে মোটা চালের দাম প্রতি দুই মণের বস্তায় কমেছে তিনশ টাকা পর্যন্ত। নির্বাচনের আগে মিয়ানমার থেকে আমদানিকৃত মোটা চাল প্রতি বস্তা ১৭৫০ টাকায় বিক্রি হলেও বৃহস্পতিবার বিক্রি হয়েছে ১৪৫০ থেকে ১৫০০ টাকায়। মিয়ানমার থেকে আমদানি বৃদ্ধি ,খরচ কমে যাওয়া এবং মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারে চালের দাম কমানোর ঘোষণায় দাম হ্রাস পেয়েছে বলে পাইকারী ব্যবসায়ীরা মনে করছেন। বৃহস্পতিবার চালের বড় পাইকারি আড়ত চাক্তাই-খাতুনগঞ্জ ঘুরে এ চিত্র দেখা গেছে। তবে পাইকারি বাজারে চালের দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। এতে ক্রেতারা ক্ষুব্ধ। এ জন্য পাইকারি ও খুচরা বাজারে পর্যবেক্ষণ ও সমন্বয়ের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও ক্রেতা উভয়েই। এদিকে হঠাৎ করে পাইকারি বাজারে চালের দরপতনে লোকসানের মুখে পড়েছেন ক্ষুদ্র পাইকারি ব্যবসায়ী ও আড়তদারেরা। বেশি দামে কেনা চাল কমে বিক্রি করতে গিয়ে ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছেন তারা । আড়তদার এবং চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মায়ানমার থেকে আমদানি বেড়ে যাওয়ায় দাম পড়ে গেছে। এছাড়া আমদানি খরচও কিছুটা কমেছে বলে তিনি জানান। ওমর আজম বলেন, "বর্তমান সরকার নির্বাচনের আগে চালের দাম কমানোর ঘোষণা দেওয়ায় তার প্রভাবও বাজারে পড়েছে। ব্যবসায়ীরা নিজেদের আগের মজুদের চালও কম দামে বিক্রি করে দিয়েছেন।" এতে করে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে তিনি দাবি করেন। দেশের মজুদকারী ব্যবসায়ীরা সাধারণত দাম বেড়ে গেলে আগে অনেক কমদামে কেনা পণ্য বাড়তি দামে বেচে প্রচুর মুনাফা করেন। তারা অনেক আগের মজুদ থেকে বিক্রি করার কথা সাধারণত স্বীকার করেন না। চাল ব্যবসায়ী ওমর আজম জানান, গত মৌসুমে মিয়ানমার থেকে আমদানি করা প্রতি টন মোটা চালের বিপরীতে এলসি ছিল ৩৬০ ডলার। তা এ মৌসুমে ২৯৫ থেকে ৩০০ ডলারে নেমে এসেছে। পাইকারি বাজারে কমলেও খোলা বাজারে দাম না কমা প্রসঙ্গে পাইকারি ব্যবসায়ী ছালেহ আহমেদ বলেন, "সবাই চালের দাম বাড়ার জন্য পাইকারদের দায়ি করেন। অথচ এখানে দাম কমলেও খুচরা বিক্রেতারা দাম কমাচ্ছেন না।" ছালেহ আহমেদ এজন্য খুচরা বাজারে সরকারের পর্যবেক্ষণ জোরদার করার তাগিদ দেন। নির্বাচনের পরপর চালের দাম কমে যাওয়ায় পাইকারি বাজারে ক্রেতার সংখ্যাও কমে গেছে বলেও ব্যবসায়ী ছালেহ আহমেদ জানান। আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, মিয়ানমার থেকে আমদানি করা বার্মা বেতী (মোটা চাল) নির্বাচনের আগে পাইকারি বাজারে বিক্রি হয় ২৩ দশমিক ৭১ টাকা কেজি দরে। নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পরপর দাম ২০ টাকায় নেমে আসে। কিন্তু খুচরা বাজারে এ চাল বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৪ টাকা কেজি দরে। শুধু মোটা চালই নয়, কমেছে অন্যান্য বিভিন্ন মানের দেশী চালের দামও। ব্যবসায়ীরা জানান, নির্বাচনের আগে মিনিকেট প্রতি বস্তা (৫০ কেজি) ১৭৫০ টাকা, দিনাজপুরী পাইজাম ২০০০ টাকা, নাজির শাইল ১৯২০ টাকা, মোটা সিদ্ধ ১৩৫০ থেকে ১৪০০ টাকা, পারি সিদ্ধ ১৫৫০ টাকা, মিনিকেট সিদ্ধ ১৬৫০ টাকায় বিক্রি হয়। নির্বাচনের পরপরই এসব চাল বিক্রি হচ্ছে মিনিকেট প্রতি বস্তা (৫০ কেজি) ১৫০০ টাকা, দিনাজপুরী পাইজাম ১৭৫০ টাকা, নাজির শাইল ১৮০০ টাকা, মোটা সিদ্ধ ১২৫০ টাকা, পারি সিদ্ধ ১৪৮০ টাকা, মিনিকেট সিদ্ধ ১৫২০ টাকায়। পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারে এসব চালের দামের ব্যবধান কেজিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত। খুচরা দোকানগুলোতে মিনিকেট প্রতি কেজি ২ টাকা ব্যবধানে ৩২ টাকা, পাইজাম ৫ টাকা ব্যবধানে ৪০ টাকায়, নাজিরশাইল ৪ টাকা ব্যবধানে ৪০ টাকা, মোটা সেদ্ধ ২ টাকা ব্যবধানে ২৭ টাকা ও পারি সেদ্ধ তিন টাকা ব্যবধানে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। রেয়াজুদ্দিন বাজারে চাল কিনতে আসা চাকরিজীবী নবী হোসেন বললেন,"পাইকারি বাজারে চালের দাম কমার কথা শুনলেও খুচরা বাজারে দেখি এর প্রভাব নেই। দাম কমার জন্য উভয় বাজারে সরকারের মনিটরিং জরুরি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/