আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের প্রভাব এখনও দেশের রেমিটেন্স (প্রবাসীদের পাঠানো অর্থ) প্রবাহে পড়েনি। ডিসেম্বর মাসে ৭৬ কোটি ৫৮ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে যা আগের মাস থেকে ৪৪ লাখ ডলার বেশি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের নেতিবাচক প্রভাব এখনও আমাদের অর্থনীতিতে পড়েনি। অক্টোবর মাসে রপ্তানি আয় কিছুটা কমলেও নভেম্বর মাসে বেড়েছে। আর রেমিটেন্স প্রবাহে বিশ্ব মন্দার কোনো ধরনের প্রভাব পড়েনি। ভবিষ্যতে পড়বে বলেও মনে হচ্ছে না।"
সব মিলিয়ে চলতি ২০০৮-০৯ অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৪৫১ কোটি ২৮ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে যা গত অর্থ বছরের প্রথম ছয় মাসের চেয়ে ১০৭ কোটি ২৫ লাখ ডলার বেশি। শতকরা হিসেবে জুলাই-ডিসেম্বর সময়ে প্রবৃদ্ধির হার হচ্ছে ৩১ দশমিক ১৭ শতাংশ।
রেমিটেন্স প্রবাহের এই ইতিবাচক ধারার কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশ সন্তোষজনক অবস্থায় রয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ৫৮৬ কোটি ডলার যা দিয়ে চার মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব।
গভর্নর জানান, চলতি ২০০৮-০৯ অর্থ বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ৯ বিলিয়ন ডলার (৯০০ কোটি ডলার) ছাড়িয়ে যাবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে। গত অর্থ বছরে ৭৯১ কোটি ৪৮ লাখ ডলার (৭ দশমিক ৯১ বিলিয়ন ডলার) রেমিটেন্স দেশে এসেছিল।
সালেহউদ্দিন আহমেদ বলেন, "বিশ্ব অর্থনীতির মন্দাবস্থার গতি-প্রকৃতি আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের পক্ষ থেকেও নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।"
গভর্নর জানান, সেপ্টেম্বরের শেষের দিকে বিশ্ব অর্থনীতিতে মন্দা শুরু হওয়ার পর থেকে কোনো মাসেই রেমিটেন্স কমেনি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাই মাসে রেমিটেন্স এসেছে ৮২ কোটি ০৭ লাখ ডলার। আগস্ট মাসে আসে ৭২ কোটি ১৯ লাখ ডলার। সেপ্টেম্বর মাসে এসেছিল ৭৯ কোটি ৪২ লাখ ডলার। অক্টোবর মাসে আসে ৬৪ কোটি ৮৫ লাখ ডলার। নভেম্বর ও ডিসেম্বর মাসে এসেছে যথাক্রমে ৭৬ কোটি ১৪ লাখ ও ৭৬ কোটি ৫৮ লাখ ডলার।
গত ২০০৭-০৮ অর্থবছরে ৭৯১ কোটি ৪৮ লাখ ডলারের রেকর্ড অঙ্কের রেমিটেন্স দেশে এসেছিল। ২০০৬-০৭ অর্থবছরে তা ছিল ৫৯৮ কোটি ডলার। তার আগের অর্থ বছরে এসেছিল ৩৯৮ কোটি ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩২৭ঘ.
bdnews24