২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে ৩৭ কোটি পিস নতুন নোট

আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন মূল্যমানের ৩৭ কোটি পিস নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যেই বেশ কিছু নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। মোট পাঁচ হাজার ৭০৫ কোটি টাকার নোট বাজারে আসবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজার মুনছুর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 04:42 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন মূল্যমানের ৩৭ কোটি পিস নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যেই বেশ কিছু নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। মোট পাঁচ হাজার ৭০৫ কোটি টাকার নোট বাজারে আসবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজার মুনছুর আহমেদ। বুধবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, ঈদ উপলক্ষে চার কোটি পিস দুই টাকার নোট, আড়াই কোটি পিস পাঁচ টাকার নোট, সাড়ে ১২ কোটি পিস ১০ টাকার নোট, তিন কোটি পিস ২০ টাকার নোট, পাঁচ কোটি পিস ১০০ টাকার নোট এবং ১০ কোটি পিস ৫০০ টাকার নোট বাজারে ছাড়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা থেকে এসব নতুন নোট সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, "সারা বছরই চাহিদা অনুয়ায়ী নতুন নোট বাজারে ছাড়া হয়। ঈদ উপলক্ষে নতুন নোটের চাহিদা অনেক বেশি। এ কারণে অন্য সময়ের চেয়ে এখন একটু বেশি পরিমাণ নোট বাজারে ছাড়া হচ্ছে।" প্রতিবছর নতুন নোট ছাড়া হলেও সিংহভাগ চলে যায় দালালদের হাতে। আর এ অপকর্মের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কতিপয় কর্মকর্তা-কর্মচারি জড়িত বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে গিয়ে দেখা যায়, নতুন টাকার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ অপেক্ষা করছে। অথচ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটকের সামনে বটতলায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে নতুন টাকা। বটতলার নতুন নোট বিক্রেতা আব্দুল কাদের জানান, তিনি কোনো অবৈধপন্থায় নতুন নোট সংগ্রহ করেনি। লাইনে দাঁড়িয়ে যে টাকা সংগ্রহ করেছেন, সেই টাকাই একটু বেশি দামে বিক্রি করছেন। কাদের জানান, দুই টাকার এক বান্ডিল নতুন নোটের জন্য অতিরিক্ত ১০ থেকে ১৫ টাকা, পাঁচ টাকার এক বান্ডিলের জন্য অতিরিক্ত ২০ থেকে ২৫ টাকা ও ১০ টাকার একটি বান্ডিলের (এক হাজার টাকা) জন্য অতিরিক্ত ২০ টাকা নিচ্ছেন তিনি। নতুন নোট বিতরণের অব্যবস্থাপনা, ভিড় ও দালালদের জড়িত থাকার কথা স্বীকার করে মুনছুর আহমেদ বলেন, "নতুন টাকা সংগ্রহের জন্য অতিরিক্ত ভিড়ের কারণে সাধারণ মানুষ আর দালাল বোঝা কঠিন হয়ে যায়। ভিড়ের কারণে সব কিছু ম্যানেজ করা যায় না। আমরা নতুন নোট বিতরণে অব্যবস্থাপনা বন্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু তারপরও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এমএইচবি/২২৩২ ঘ.