ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি-পোশাক শিল্প মালিকদের প্রধান দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী রোববার অর্ধবেলা কিছু ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশ অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত সব ব্যাংকের বৈদেশিক লেনদেনকারী শাখা, ঢাকা ও চট্টগ্রাম ইপিজেড এ অবস্থিত সব ব্যাংকের সব শাখা এবং দেশের সমুদ্র ও স্থল বন্দরের কাস্টমস হাউজে অবস্থিত সব ব্যাংকের শাখা ২৮ সেপ্টেম্বর রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।
বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
রপ্তানি বাণিজ্য ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের সুবিধার জন্য বিজিএমইএ ও বিকেএমইএ আগামী শনিবার ও রোববার কিংবা অন্ততপক্ষে এর যে কোন একদিন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর সব শাখা পূর্ণ দিবস খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন জানায়।
সংগঠন দুইটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এবার ঈদুল ফিতরের ঠিক আগের তিন দিন (শুক্র, শনি ও রোববার) সমস্ত ব্যাংক ছুটির আওতায় পড়ায় রপ্তানিকারকদের অর্থ নগদায়ন ও শ্রমিকদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ অসম্ভব হয়ে পড়ছে। এতে দেশের অর্থনৈতিক ও রপ্তানি কার্যক্রমে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
বিকেএমইএ এ কারণে আগামী শনি ও রোববার বা অন্তত একদিন ব্যাংক খোলা রাখার আবেদন জানিয়েছে।
বিজিএমইএ জরুরি প্রয়োজনে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাংক খোলা রাখার এবং আর্থিক লেনদেন ও বৈদেশিক লেনদেন চালু রাখার অনুরোধ জানিয়েছে।
অর্থ সচিব ইতোমধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন জানিয়ে বিকেএমইএ বিজ্ঞপ্তিতে রপ্তানিসংশ্লিষ্ট ইপিবি, বন্দর, কাস্টমস, সিঅ্যান্ডএফ এর মতো সংস্থাগুলোকেও ঈদের আগে অন্ততপক্ষে একদিন ছুটির আওতামুক্ত রাখার জন্য সরকারের কাছে আবেদন জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কিউএইচ/এমএআর/এসকে/এমএইচবি/১৯১৬ ঘ.
bdnews24