ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সেবা বা ওয়াইম্যাক্স/ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাকসেস (বিডব্লিও) লাইসেন্সের জন্য প্রকাশ্য নিলামে লড়ছে নয়টি প্রতিষ্ঠান।
বুধবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশন (বিটিআরসি) রাজধানীর হোটেল র্যাডিসনে এ নিলামের আয়োজন করে।
নিলামে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান দুই দশমিক তিন এবং দুই দশমিক পাঁচ গিগাহার্টজ স্পেকট্রামে ওয়াইম্যাক্স পরিচালনার অনুমতি পাবে।
দিনের শুরুতে রাজস্বের ২৭ দশমিক ৫০ ভাগ ডেকে নিলামের শুরু করে বাংলা লায়ন কমিউনিকেশনস। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ নিলামে সময় গড়ানোর সাথে সাথে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতার মাত্রা বাড়তে থাকে।
নিলাম চলাকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম মালেক নিলামস্থল পরিদর্শন করেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, "নিলাম প্রক্রিয়ায় স্বচ্ছতা আছে কিনা তা দেখার জন্য এসেছি। আমার মনে হয় স্বচ্ছতার মাধ্যমেই নিলাম অনুষ্ঠিত হচ্ছে।"
সাধারণ গ্রাহকদের জন্য ইন্টারনেটের ফি কমানো এবং তা বাস্তবায়ন বিষয়ে এক প্রশ্নের জবাবে এম মালেক বলেন, "এটি বিটিআরসির দায়িত্ব। এ বিষয়ে বিটিআরসির পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল না। অচিরেই পুরো নিয়ন্ত্রণ চলে আসবে।"
নিলাম শুরু আগে বিটিআরসির চেয়ারম্যান মঞ্জুরুল আলম নিলামের বিভিন্ন নিয়ম তুলে ধরেন।
ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস এর সংক্ষিপ্তরূপ। এটি একটি অত্যাধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তি, যার মূল উদ্দেশ্য বিভিন্ন রকমের তারহীন তথ্য আদানপ্রদান করা।
বিটিআরসি ৩০ আগস্ট ওয়াইম্যাক্স লাইসেন্স দেওয়ার জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করে। ১২ টি প্রতিষ্ঠান আবেদনপত্র কিনেছে যার মধ্যে ৯টি নিলামে অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আগুরি ওয়ারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেড, বাংলা লায়ন কমিউনিকেশন্স, ব্র্যাক বিডিমেইল নেটওয়ার্ক লিমটেড, ক্লিয়ারস্ট্রিম-র্যাংকস (বিডি) লিমিটেড, ম্যাংগো টেলিসার্ভিসেস লিমিটেড, পি-১ কনসোর্টিয়াম, টেলিস্টার কমিউনিকেশন্স লিমিটেড এবং ভিটেল বাংলা।
শর্ত অনুসারে লাইসেন্স পাওয়ার প্রথম বছরে প্রতিটি কোম্পানিকে সংশ্লিষ্ট এলাকায় কমপক্ষে ৯০টি বেস স্টেশন বসাতে হবে। প্রাথমিক জরিপ অনুসারে তিন বছরের মধ্যে সারাদেশকে ওয়াইম্যাক্সের আওতায় আনতে হবে। ব্যবসায় ৬০ ভাগের বেশি-বিদেশি বিনিয়োগ থাকতে পারবে না। অনাবাসী বাংলাদেশীরা (এনবিআর) ৭০ ভাগ মালিকানায় বিনিয়োগ করতে পারবেন।
বিটিআরসি আশা করছে ওয়াইম্যাক্স সুবিধা চালু হলে সারাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএ/এএল/এসকে/১৪১৫ঘ.
bdnews24