ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি বাণিজ্য ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের সুবিধার জন্য আগামী শনিবার ও রোববার বা অন্ততপক্ষে একদিন রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর সকল শাখা পূর্ণ দিবস খোলা রাখার আবেদন জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের অন্যতম প্রধান সংগঠন বিকেএমইএ।
বিকেএমই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়ে বলেছে এবার ঈদুল ফিতরের ঠিক আগে তিন দিনের জন্য (শুক্র, শনি ও রোববার) সমস্ত ব্যাংক ছুটির আওতায় পড়ায় রপ্তানিকারকদের অর্থ নগদায়ন ও শ্রমিকদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ অসম্ভব হয়ে পড়ছে। এতে দেশের অর্থনৈতিক ও রপ্তানি কার্যক্রমে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
বিকেএমইএ এ কারণে রপ্তানি বাণিজ্য ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য আগামী শনিবার ও রোববার বা অন্তত একদিন ব্যাংক খোলা রাখার আবেদন জানিয়েছে।
অর্থ সচিব ইতিমধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আশ্বাস দিয়েছেন জানিয়ে বিকেএমইএ বিজ্ঞপ্তিতে রপ্তানিসংশ্লিষ্ট ইপিবি, বন্দর, কাস্টমস, সিএন্ডএফ এর মতো সংস্থাগুলোকেও ঈদের প্রাক্কালে অন্ততপক্ষে একদিন ছুটির আওতামুক্ত রাখার জন্য সরকারের কাছে আবেদন জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১২৪০ঘ.
bdnews24