২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্মিংহাম কল সেন্টার এক্সপোতে বাংলাদেশ নিয়ে আগ্রহ

'বার্মিহাম কলসেন্টার এক্সপো-২০০৮' এ অংশগ্রহণকারী বিদেশি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে কল সেন্টার খাতে বিনিয়োগের নতুন ঠিকানা হিসাবে চিহ্নিত করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মনজুরুল আলম। বুধবার যুক্তরাজ্যের বার্মিংহামে দু'দিনের এ মেলা শেষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 05:12 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বার্মিহাম কলসেন্টার এক্সপো-২০০৮' এ অংশগ্রহণকারী বিদেশি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে কল সেন্টার খাতে বিনিয়োগের নতুন ঠিকানা হিসাবে চিহ্নিত করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মনজুরুল আলম। বুধবার যুক্তরাজ্যের বার্মিংহামে দু'দিনের এ মেলা শেষ হয়। বার্মিংহাম থেকে বিটিআরসি চেয়ারম্যান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কল সেন্টার এক্সপো থেকে আশাব্যাঞ্জক সাড়া পাওয়া গেছে। ২০টির মতো প্রতিষ্ঠান বাংলাদেশের কলসেন্টার নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। এটা দেশের টেলিযোগাযোগ খাতের জন্য ইতিবাচক।" তিনি বলেন, "মেলায় আসা বিভিন্ন দেশের কলসেন্টার ব্যবসায়ী ও টেলিকম বিশেষজ্ঞরা বাংলাদেশকে টেলিযোগাযোগ খাত ও কল সেন্টারের বিনিয়োগের নতুন ঠিকানা হিসেবে অভিহিত করেছেন।" বার্মিংহাম থেকে বিটিআরসি কর্মকর্তারা জানান, বুধবার মেলার শেষ দিনে বাংলাদেশের প্রতিনিধি দল বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন। বার্মিংহামে অবস্থানরত বাংলাদেশীদের সঙ্গেও বৈঠক হয়। জার্মান বিনিয়োগ বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও আলাদাভাবে কথা বলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান কামাল উদ্দিন। এছাড়া বিটিসিআরসির কর্মকর্তারা কেনিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ডাক ও টেলিযোগাযোগ সচিব ইকবাল মাহমুদও বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার শফিউদ্দিন আহমেদ বিকেলে বাংলাদেশের স্টল ঘুরে দেখেন। মেলায় বাংলাদেশের সাতটি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো- আমরা আউট সোর্সিং লিমিটেড, ইনজেন টেকনোলজি, ইকরা মিডিয়া সেন্টার, লিগাটো সার্ভিস লিমিটেড, অরবিট কমিউনিকেশন এবং উইন্ড মিল অ্যাডভারটাইজিং লিমিটেড। চলতি বছরের এপ্রিল থেকে বিটিআরসি কল সেন্টারের লাইসেন্স দেওয়া শুরু করে। কলসেন্টার, হোস্টেড কলসেন্টার এবং হোস্টেড কলসেন্টার সার্ভিস প্রোভাইডার- এ তিনটি শ্রেণীতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কল সেন্টার সেবার জন্য বিটিআরসি এ পর্যন্ত ৩১০টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে এবং সামনে আরো লাইসেন্স দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/এমএইচবি/২২৫৭ ঘ.